ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন । আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে। এরকম পরিস্থিতে তিনি দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। যদিও এর আগেও তিনি এমন ঘোষণা দিয়েছিলেন। তবে ওই সময় দিন-তারিখ উল্লেখ করেননি। কিন্তু, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমকে তিনি জানিয়েছেন ‘ডিসেম্বরে’ দেশে ফিরতে চান। তার এই ঘোষণার পর থেকেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে চলেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেই সঙ্গে বর্তমানে এই আলোচনাও চলছে- শেখ হাসিনা দেশে ফিরলে কী হতে পারে?
এখন শেখ হাসিনার রায় কার্যকরের প্রশ্নে যেমন আলোচনা রয়েছে, তেমনি সামনে এসেছে দেশে ফিরে আপিলের সুযোগ আছে কি না?- তা নিয়েও আইনি বিতর্ক। একদিকে রাষ্ট্রপক্ষের দাবি, রায়ের পর নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করায় শেখ হাসিনার আর আপিল করার সুযোগ নেই। দেশে ফিরলে তার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড কার্যকরে আইনি বাধা থাকবে না। অন্যদিকে সুপ্রিম কোর্টের কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী বলছেন, দেশে ফিরে আত্মসমর্পণ করে মামলা মোকাবিলা করতে চাইলে তার আইনি প্রতিকার পাওয়ার সুযোগ বিবেচনা করা উচিত। বিলম্বে আপিল গ্রহণ করা হবে কি না, সেটি আপিল বিভাগের এখতিয়ার।
আবার আইনজীবীদের আরেকটি অংশ মনে করছেন, পলাতক অবস্থায় কিংবা প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া দেশে ফেরার বিষয়টি আইনগতভাবে সহজ নয়। ফলে শেখ হাসিনার দেশে ফেরা, পাসপোর্ট বা ট্রাভেল পাস পাওয়া এবং আপিলের সুযোগ—প্রতিটি বিষয়ই এখন পৃথক আইনি প্রশ্ন হিসেবে সামনে এসেছে। তাদের বক্তব্যে স্পষ্ট, বিষয়টি নিয়ে আইনি ব্যাখ্যায় মতভেদ রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ২১(৩) ধারা, সংবিধানের ১০৪ অনুচ্ছেদ এবং মাওলানা আবুল কালাম আযাদের মামলার নজির ঘিরে তৈরি হয়েছে আলোচনা।
আপিলের সুযোগ নেই- বলছেন চিফ প্রসিকিউটর
শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ‘রায় প্রকাশের পর আপিল করার জন্য আইন নির্ধারিত ৩০ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু শেখ হাসিনা ওই সময়ের মধ্যে আপিল করেননি। ফলে ভবিষ্যতে তার আপিল দায়েরের আইনগত সুযোগ নেই।’
তিনি বলেন, ‘ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার নতুন করে পাসপোর্ট দেওয়ার আইনগত সুযোগ রাখে না। তাকে দেশে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরতে হবে।’ দেশে ফিরলে তার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকরের বিষয়টি সামনে আসবে। এ ক্ষেত্রে বিকল্প কোনো পথ নেই বলেও মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ২১(৩) ধারায় বলা হয়েছে, দোষী সাব্যস্ত হওয়া ও দণ্ড দেওয়ার তারিখ অথবা খালাস বা দণ্ড দেওয়ার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। নির্ধারিত সময় পার হলে ওই আপিল আর গ্রহণযোগ্য হবে না। রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনা নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করায় তার ক্ষেত্রে এই সময়সীমা অতিক্রম করেছে।
সংবিধানের ১০৪ অনুচ্ছেদে সুযোগ দেখছেন মনজিল মোরসেদ
তবে চিফ প্রসিকিউটরের বক্তব্যের সঙ্গে একমত নন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। তার মতে, কেউ যদি দেশে ফিরে নিজের বিরুদ্ধে চলমান মামলা মোকাবিলা করতে চান, তাহলে তাকে দেশে ফেরার সুযোগ দেওয়া উচিত। প্রয়োজনে ট্রাভেল পাস দেওয়ার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। তিনি বলেন, ‘বাংলাদেশের বিচারব্যবস্থায় আপিল বিভাগে যাওয়ার সুযোগ ছাড়া মৃত্যুদণ্ড কার্যকরের নজির নেই। সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী, সম্পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে আপিল বিভাগ প্রয়োজনীয় নির্দেশ, আদেশ বা ডিক্রি দিতে পারেন।’
মনজিল মোরসেদের মতে, ‘নির্ধারিত সময় পার হয়ে গেলে বিলম্ব মওকুফ করে আপিল গ্রহণ করা হবে কি না, সেটি আপিল বিভাগের এখতিয়ার। তাই আপিলের সুযোগ একেবারেই নেই—এমন সিদ্ধান্ত আগাম দেওয়া ঠিক নয়।’
সংবিধানের ১০৪ অনুচ্ছেদে বলা হয়েছে, আপিল বিভাগের কাছে বিচারাধীন কোনো মামলা বা বিষয়ে সম্পূর্ণ ন্যায়বিচারের জন্য প্রয়োজনীয় নির্দেশ, আদেশ, ডিক্রি বা রিট জারির ক্ষমতা ওই বিভাগের রয়েছে। কোনো ব্যক্তির হাজিরা কিংবা দলিলপত্র উপস্থাপনের নির্দেশ দেওয়ার ক্ষমতাও এর অন্তর্ভুক্ত।
মাওলানা আযাদের আপিলের নজির যা বলছে
শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে আলোচনায় বারবার সামনে আসছে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত মাওলানা আবুল কালাম আযাদের মামলা। ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাওলানা আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফেরেন তিনি। পরে চলতি বছরের ৬ জুলাই বিলম্ব মার্জনার আবেদনসহ আপিল করেন। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় স্থগিত রাখার আবেদনও জানান। তার আপিলটি প্রথমে চেম্বার আদালত হয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। তবে এখনো সেটির নিষ্পত্তি হয়নি।
এই নজিরের বিষয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে আইন মেনেই ফিরতে হবে। মাওলানা আবুল কালাম আযাদের মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তির আইনি অবস্থান সম্পর্কে একটি নজির রয়েছে। তবে এখনো তার আপিল গৃহীত হয়নি।’
দেশে ফিরলে আপিলের সুযোগ দেওয়া উচিত
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু সারাবাংলাকে বলেন, ‘শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে আইনি প্রতিকার পাওয়ার সুযোগ দেওয়া উচিত।’ তিনি বলেন, ‘মাওলানা আবুল কালাম আযাদের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় সরকার যে সুযোগ দিয়েছে, সেই নজির সামনে রয়েছে। ফলে শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তার ক্ষেত্রেও বিষয়টি বিবেচনা করা যেতে পারে।’
তার মতে, ‘দেশে ফিরতে পারলে আপিল করার সুযোগও তৈরি হতে পারে। তবে আপিল বিভাগ তার লিভ টু আপিল মঞ্জুর করবেন কি না, সেটি সম্পূর্ণ আদালতের সিদ্ধান্তের বিষয়।’ এখানে লিভ টু আপিল বলতে আপিল করার জন্য উচ্চ আদালতের অনুমতি নেওয়ার প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ আবেদন করলেই আপিল শুনানির জন্য গৃহীত হবে, এমন নিশ্চয়তা নেই।
প্রত্যর্পণ ছাড়া দেশে ফেরার পথ নেই
অন্যদিকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির মনে করেন, প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ খোলা নেই। তিনি বলেন, ‘কারও পাসপোর্ট বাতিল হলে আপিল করতে হয়। নতুন করে পাসপোর্ট ইস্যুর আবেদন করার সুযোগ নেই। তাছাড়া পলাতক আসামি হিসেবে আইনের অধীনে কোনো আবেদন করার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে।’
শিশির মনিরের মতে, ‘শেখ হাসিনা বর্তমানে ভারতে মানবিক আশ্রয়ে রয়েছেন। এ অবস্থায় তার দেশে ফেরার বিষয়টি শুধু ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না; এর সঙ্গে দুই দেশের কূটনৈতিক ও প্রত্যর্পণ প্রক্রিয়াও জড়িত।’ বিষয়টি বোঝাতে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের উদাহরণ তুলে ধরেন তিনি। শিশির মনির বলেন, ‘গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর রাশিয়া সরকার বাশার আল-আসাদকে আশ্রয় দেয়। পরে তার মৃত্যুদণ্ড হয়। তখন সিরিয়া সরকার রাশিয়ার কাছে তাকে হস্তান্তরের অনুরোধ জানালেও রাশিয়া তাতে সাড়া দেয়নি।’
বাংলাদেশের ক্ষেত্রেও ভারত সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন । তার মতে, কোনো ব্যক্তি অন্য দেশে মানবিক আশ্রয়ে থাকলে সেই দেশের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া উপেক্ষা করে নিজে থেকে দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারেন না।
পাসপোর্ট আইনে যা বলা আছে
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর বিধানও। এই আইনের ৬(১)(গ) ধারায় বলা হয়েছে, ‘কোনো আবেদনকারী আবেদন দাখিলের আগের পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের কোনো আদালতে নৈতিক স্খলনজনিত অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অনূর্ধ্ব দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে তার পাসপোর্ট বা ভ্রমণনথি ইস্যু করতে অস্বীকৃতি জানানো যেতে পারে।’ ফলে শেখ হাসিনার পাসপোর্ট বা ট্রাভেল পাস পাওয়ার বিষয়টি নিয়েও আইনি প্রশ্ন রয়েছে। এ ক্ষেত্রে তার বর্তমান আইনি অবস্থান, সংশ্লিষ্ট বিধান এবং সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
সম্পত্তি বাজেয়াপ্তের রায় বাস্তবায়নে উদ্যোগ
এদিকে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের রায় বাস্তবায়নে প্রশাসনিক উদ্যোগও শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের সই করা একটি চিঠি গত ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়। ওই চিঠিতে ট্রাইব্যুনালের রায় অনুযায়ী তাদের সম্পত্তি বাজেয়াপ্তের ব্যবস্থা নেওয়ার বিষয়টি জানানো হয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাদের সব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে জুলাই-আগস্টের শহিদ পরিবারগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
মামলায় আনা পাঁচটি অভিযোগ দু’টি ভাগে বিভক্ত করে রায় দেওয়া হয়। এর একটিতে মৃত্যুদণ্ড এবং অন্যটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর গত বছরের ১৫ ডিসেম্বর আমৃত্যু কারাদণ্ডের সাজা পরিবর্তন করে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন করে প্রসিকিউশন। আবেদনটি এখনো আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
এ বিষয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে এরই মধ্যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তাই সাজা কার্যকরের ক্ষেত্রে প্রসিকিউশনের ওই আবেদন শুনানি করা জরুরি নয়। প্রয়োজনে যেকোনো সময় আবেদনটি প্রত্যাহারও করা যেতে পারে।’ তিনি আরও বলেন, ‘সংবিধানের ১০৪ অনুচ্ছেদে সম্পূর্ণ ন্যায়বিচারের স্বার্থে যে সুযোগের কথা বলা হয়েছে, শেখ হাসিনার ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না বলে মনে করে রাষ্ট্রপক্ষ।’
শেষ পর্যন্ত সিদ্ধান্ত আদালতের
শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে আইনজীবীদের বক্তব্যে একাধিক আইনি ব্যাখ্যা সামনে এসেছে। চিফ প্রসিকিউটর বলছেন, ‘৩০ দিনের সময়সীমা পার হওয়ায় আপিলের সুযোগ শেষ।’ মনজিল মোরসেদ ও মোতাহার হোসেন সাজু মনে করছেন, ‘দেশে ফিরে আইনগতভাবে মামলা মোকাবিলা করতে চাইলে আপিলের সুযোগ বিবেচনা করা উচিত।’ অন্যদিকে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং শিশির মনিরের বক্তব্যে দেশে ফেরার ক্ষেত্রে ‘আইনি প্রক্রিয়া ও প্রত্যর্পণ চুক্তি’র গুরুত্ব উঠে এসেছে।
ফলে শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কি না? ফিরলে কীভাবে বিচারিক প্রক্রিয়ায় অংশ নেবেন এবং নির্ধারিত সময় পেরিয়ে আপিলের আবেদন করলে তা গ্রহণ করা হবে কি না?- এসব প্রশ্নের চূড়ান্ত উত্তর নির্ভর করবে সংশ্লিষ্ট আইন, আদালতের এখতিয়ার এবং প্রত্যর্পণসংক্রান্ত প্রক্রিয়ার ওপর।