রাজবাড়ী: ভাগ্য পরিবর্তনের আশায় ইউরোপে যাওয়ার চেষ্টা করে দালালের প্রতারণার শিকার হয়েছিলেন রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। পরে জীবিকার তাগিদে পাড়ি জমান ভারতের চেন্নাইয়ে। সেখানে একটি মুরগির খামারে কাজ করতে গিয়ে বিদেশি জাতের মুরগি পালনের প্রতি আগ্রহ তৈরি হয় তার। সেই আগ্রহ থেকেই দেশে ফিরে শুরু করেন খামার গড়ার উদ্যোগ। আর সেই উদ্যোগই তাকে এনে দিয়েছে জাতীয় স্বীকৃতি। জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ ফেন্সি আইটেম ক্যাটাগরিতে রৌপ্য পদক অর্জন করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে স্বর্ণ ও রৌপ্য পদক তুলে দেন তিনি। পদকপ্রাপ্তদের মধ্যে ফেন্সি আইটেম ক্যাটাগরিতে রৌপ্য পদক অর্জন করেন রাজবাড়ীর জাহাঙ্গীর হোসেন।
জাহাঙ্গীর হোসেন কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বড় বাংলাট গ্রামের বাসিন্দা। তিনি ‘ইত্যাদি ফেন্সি জোন’-এর স্বত্বাধিকারী এবং ‘কালুখালী ফ্যান্সি মুরগির খামার’-এর উদ্যোক্তা। জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় ইউরোপে যাওয়ার চেষ্টা করে দালালের প্রতারণার শিকার হন জাহাঙ্গীর। পরে জীবিকার সন্ধানে ভারতের চেন্নাইয়ে গিয়ে একটি মুরগির খামারে কাজের সুযোগ পান। সেখানে কাজ করার সময় বিদেশি জাতের মুরগির প্রতি তার আগ্রহ তৈরি হয়। দেশে ফেরার সময় উপহার হিসেবে পাওয়া দুই জোড়া বিদেশি জাতের মুরগি দিয়েই শুরু করেন খামার গড়ার যাত্রা।
শখের বশে শুরু করা সেই উদ্যোগ ধীরে ধীরে বড় হতে থাকে। বর্তমানে তার খামারে রয়েছে বিভিন্ন বিদেশি জাতের মুরগি, ময়ূর, বিদেশি হাঁসসহ নানা প্রজাতির বাহারি পাখি। ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য রয়েছে আধুনিক ইনকিউবেটরও। ব্যতিক্রমী এ খামারের মাধ্যমে সৌখিন পাখি পালন ও প্রাণিসম্পদ খাতে অবদান রেখে চলেছেন তিনি।
জাতীয় পর্যায়ে এমন স্বীকৃতি পেয়ে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন জাহাঙ্গীর হোসেন। তার এ অর্জনে খুশি পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী। তাদের প্রত্যাশা, জাহাঙ্গীরের এই সাফল্য এলাকার তরুণদের আধুনিক ও সম্ভাবনাময় প্রাণিসম্পদ খামার গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।