Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৬ ১৯:০৯

নিহত ওই যুবক।

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু রায়হান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু রায়হান শ্যামনগর উপজেলার কাতখালী গ্রামের বাসিন্দা। তিনি হ্যামকো কোম্পানির ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আবু রায়হান হ্যামকো কোম্পানির মালামাল নিয়ে ডেলিভারি ভ্যানে নলতার দিকে যাচ্ছিলেন। কালিগঞ্জ ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ডেলিভারি-ভ্যানে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

বিজ্ঞাপন

স্থানীয় জনতা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে। খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে যায়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর