সাতক্ষীরা: সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আব্দুল মাজেদ মোড়ল (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাজেদ মোড়ল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন সুইপার ছিলেন বলে জানা গেছে।
নিহতের ছেলে কালাম মোড়ল ও সালাম মোড়ল জানান, রোববার সকালে তাদের বাবা কাজের জন্য বাইসাইকেলযোগে পাটকেলঘাটা বাজারে যাচ্ছিলেন। পথে পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সাতক্ষীরাগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।