Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় ৪ প্রার্থীর পরাজয়ে দলের নেতারাই দায়ী: আইনমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:২১ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫১

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সাতক্ষীরা:  জেলার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারানোর পেছনে দলের নেতারাই দায়ী বলে অভিযোগ তুলেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত হিসেবে রোববার সাতক্ষীরার বিচার বিভাগ, জেলা প্রশাসন, সুধিজন ও দলীয় নেতাকর্মীদের নিয়ে পৃথক পৃথক মতবিনিময় সভায় অংশ নেন।

দলীয় নেতাদের সঙ্গে মতবিনিমকালে মো. আসাদুজ্জামান বলেন, দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে বিএনপির প্রার্থীদের হারানো হয়েছিল।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী বলেন, আপনাদের এখানে মিটিং করতে আসার আগে কিছু হোমওয়ার্ক করে এসেছি। চারজন এমপিকে হারানোর পেছনে কিছু নেতা লোকজন ডেকে রাতে বৈঠক করেছিল।

তিনি বলেন, আমার কাছে সবার আমলনামা আছে। যদি জানতে চান, নিশ্চয়ই এই আমলনামা নিয়ে সবার সঙ্গে ওয়ান টু ওয়ান আমি কথা বলতে পারি। দিনে এসে বিএনপি করে গেছেন, রাতের অন্ধকারে গুপ্তদের সঙ্গে মিটিং করেছেন।

দলের মধ্যে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি ও তারেক রহমানের বিএনপি করতে হলে দলের সিদ্ধান্ত মেনে চলতে হবে। নির্বাচনের সময় দল একজনকে মনোনয়ন দিলে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। আর যদি সেটা না করেন, আপনার সারা জীবনের অর্জন ওইখানেই ধ্বংস হয়ে যাবে। রাজনীতি খুব নিষ্ঠুর জায়গা।’

চাঁদাবাজি, দখলবাজি ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়-এমন কর্মকাণ্ডের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান আসাদুজ্জামান।

তিনি বলেন, কোনো নেতা-কর্মী যতো ত্যাগী বা দলের প্রতি যতটা নিবেদিতই হোন না কেন, চাঁদাবাজি, দখলবাজি কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো কাজে জড়ালে তাকে আইনের হাতে সোপর্দ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সীমান্তে এ এক নীরব আত্মত্যাগ
১৫ অক্টোবর ২০২৬ ১৮:২৪

আরো

সম্পর্কিত খবর