পাবনা: সাউথইস্ট ব্যাংকের ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় ঈশ্বরদী পৌর বিএনপির সদস্য সচিব ইমরুল কায়েস সুমনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (৪ অক্টোবর) দুপুরে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন ইমরুল কায়েস সুমন।
শুনানি শেষে বিচারক শাহিন কবির তার জামিন আবেদন খারিজ করে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশি পাহারায় তাকে পাবনা জেলা কারাগারে নেওয়া হয়।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, সাউথইস্ট ব্যাংকের ঈশ্বরদী শাখার দায়ের করা টাকা আত্মসাৎ মামলার অন্যতম প্রধান আসামি ইমরুল কায়েস সুমন। জামিন আবেদন নামঞ্জুরের পর কড়া পুলিশি নিরাপত্তায় তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংকের ব্যবসায়িক ক্যাশ ক্রেডিট (সিসি) সুবিধার বিপরীতে বিপুল পরিমাণ অর্থ উত্তোলনের পর সুমন সপরিবারে আত্মগোপনে চলে যান। পরে ২০১৯ সালের ১১ এপ্রিল সাউথইস্ট ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে ঈশ্বরদী থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলার তদন্তে ব্যাংকের কয়েকজন কর্মকর্তার যোগসাজশের তথ্য পাওয়ার পর ২০২৩ সালের জুনে দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যাংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক মামলা করে। তাদের বিরুদ্ধে ১ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতে সহায়তার অভিযোগ আনা হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ব্যাংকের নিয়মনীতি লঙ্ঘন করে কোনো ধরনের পর্যাপ্ত জামানত ছাড়াই সুমনকে ওভারড্রাফট ও ঋণ সুবিধা দেয়া হয়েছিল।
এ দিকে ব্যাংক ঋণ কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের মামলায় অভিযুক্ত সুমনকে সম্প্রতি ঈশ্বরদী পৌর বিএনপির সদস্য সচিব পদে মনোনীত করা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিচারাধীন মামলার আসামিকে গুরুত্বপূর্ণ দলীয় পদ দেয়ায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের একাংশের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে।