Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে চুরির ঘটনায় গ্রেফতার ২, উদ্ধার ১০ ভরি সোনার অলংকার

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৬ ১৬:৩২

গ্রেফতার হওয়া দু’জন ও উদ্ধার হওয়া সোনা।

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার বিশ্ব কলোনি এলাকায় একটি বাসায় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া প্রায় ১০ ভরি সোনার অলংকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চুরির রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের মধ্যে আকবরশাহ থানার বিশ্ব কলোনির ‘কে’ ব্লকে ঊর্মিলা আক্তার নামের এক নারীর বাসায় এ চুরির ঘটনা ঘটে। চোরেরা বাসা থেকে তিনটি নেকলেস, তিনটি চেইন, একটি ব্রেসলেট, দু‘টি চুড়ি, ছয় জোড়া কানের দুল ও আটটি আংটিসহ প্রায় ১২ ভরি সোনার অলংকার এবং নগদ ৪ হাজার টাকা নিয়ে যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় ২৪ জুলাই আকবরশাহ থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ কমিশনারের নির্দেশনায় আকবরশাহ থানা পুলিশের একাধিক দল তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ জুলাই) পাহাড়তলী থানার নেছারিয়া মাদরাসা গলি এলাকায় অভিযান চালিয়ে মাহে আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনটি নেকলেস, তিনটি চেইন, দু’টি চুড়ি, তিন জোড়া কানের দুল এবং দু’টি আংটিসহ প্রায় ১০ ভরি সোনার অলংকার উদ্ধার করা হয়।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন বলেন, ‘উদ্ধার করা সোনার অলংকার আইনি প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। পাশাপাশি চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর