Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অ্যাডমিট জট কাটিয়ে পরীক্ষায় বসেছে সড়ক অবরোধ করা ৬৫ শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১৪:৩৮

পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীরা।

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে অ্যাডমিট কার্ড না পাওয়ায় সড়ক অবরোধ করা ৬৫ শিক্ষার্থী শেষ পর্যন্ত এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগে তারা প্রবেশপত্র হাতে নিয়ে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়।

উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘অ্যাডমিট কার্ড না থাকায় তাদের পরীক্ষায় অংশগ্রহণে যে অনিশ্চয়তা ছিল, তা কেটে গেছে। পলাশবাড়ীর দুই প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী অ্যাডমিট হাতে নিয়ে পরীক্ষায় বসেছেন।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে পলাশবাড়ী উপজেলার জুনদহ উচ্চ বিদ্যালয় ও গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সমস্যায় পড়ে। এর মধ্যে গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৯ জন এবং জুনদহ উচ্চ বিদ্যালয়ের ৩৬ জনসহ মোট ৬৫ জন পরীক্ষার্থী সোমবার দুপুরে প্রবেশপত্র না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে যান। সেখানেও সমাধান না পেয়ে রাত ৯টার দিকে তারা পলাশবাড়ী পৌর শহরের আদর্শ ডিগ্রি কলেজ এলাকা ও ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

বিজ্ঞাপন

অবরোধের ফলে মহাসড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ইউএনও শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াশা রহমান এবং থানা পুলিশের কর্মকর্তারা। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এ সময় ইউএনও বলেন, ‘শিক্ষাবোর্ডের সঙ্গে জরুরি যোগাযোগ করা হয়েছে এবং রাতের মধ্যেই শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’

পরে প্রশাসনের এই আশ্বাসে রাত পৌনে ১০টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

ঘটনার পর সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের শোকজ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ বছর গাইবান্ধা জেলায় ৬৮টি কেন্দ্রে মোট ৩৪ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। এরমধ্যে ৪২টি কেন্দ্রে ২৬ হাজার ২১ জন এসএসসি পরীক্ষার্থী, ১৫টি কেন্দ্রে এসএসসি ও দাখিল (ভোক) পরীক্ষায় ২ হাজার ৫৯৮ জন এবং ১১টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৫ হাজার ৯০৮ জন অংশ নিচ্ছে

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর