ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। একই সঙ্গে হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (৫ অক্টোবর) ডুজার সভাপতি মো. মানজুর হোছাইন মাহি ও সাধারণ সম্পাদক লিটন ইসলাম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন। সংবাদ সংগ্রহের পেশাগত দায়িত্ব পালনকালে ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা করেন। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি ওমর ফারুক হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম, সহ-দফতর সম্পাদক শাহরিয়ার আলম ও ছাত্রদল কর্মী বিশাল চক্রবর্তীসহ প্রায় ১০ জন হামলায় অংশ নেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
হামলায় রামদা, চাপাতি, হকিস্টিক, রড, পাইপ ও বেসবল ব্যাটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। হামলায় সাংবাদিকদের লাঠি দিয়ে মারধর, ধাওয়া করে ক্যাম্পাসের মেডিকেল কেন্দ্র পর্যন্ত নিয়ে যাওয়া হয়। ছাত্রদলের এই বেপরোয়া হামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ জামান কোরবান, দৈনিক আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল ও দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজুসহ অন্তত ১০ জন আহত হন।
ডুজা নেতারা বলেন, সাংবাদিকদের ওপর হামলার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচার ও জবাবদিহিতা নিশ্চিত না হলে রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব পালন নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। বিচারহীনতার সংস্কৃতি হামলা, ভয়ভীতি ও পেশাগত কাজে বাধা দেওয়ার মতো ঘটনার পুনরাবৃত্তির ঝুঁকি বাড়ায়।
বিবৃতিতে আরও বলা হয়, চলতি বছরের ২৩ এপ্রিল শাহবাগ থানার ভেতরে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অন্তত ১০ সদস্য ছাত্রদলের হামলার শিকার হন। ঘটনার পর তদন্ত কমিটি গঠিত হলেও পাঁচ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রতিবেদন জমা হয়নি। এ ছাড়া শাহবাগ থানায় পুলিশও কোনো মামলা গ্রহণ করেনি।
ডুজা নেতারা বলেন, জুলাইয়ের পর মুক্ত, স্বাধীন ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সাংবাদিকদের ওপর হামলার বিচার না হওয়া এবং হামলাকারীদের জবাবদিহিতার আওতায় আনতে ব্যর্থতা সেই প্রত্যাশাকে ক্ষতিগ্রস্ত করছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্যাম্পাসে সংঘর্ষের মধ্যে সাংবাদিকদের ওপর হামলা, পেশাগত দায়িত্ব পালনে বাধা এবং হামলার শিকার হওয়ার ঘটনা ঘটছে। এসব ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সাংবাদিকদের নিরাপত্তা যেমন ঝুঁকির মুখে পড়বে, তেমনি মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার প্রত্যাশাও বাধাগ্রস্ত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।