Monday 11 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নারী ভক্তের আচরনে গান থামিয়ে সরে গেলেন আতিফ আসলাম

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১১ মে ২০২৬ ১৬:০৫

জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম সম্প্রতি করাচির ডিএইচএ স্পোর্টস ক্লাবে আয়োজিত এক কনসার্টে গান গাইতে গিয়ে চরম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। অনুষ্ঠান চলাকালীন এক নারী ভক্তের অতি-উৎসাহী এবং অপেশাদার আচরণের কারণে গায়ককে মাঝপথে গান থামিয়ে মঞ্চের এক পাশে সরে যেতে হয়। চাঞ্চল্যকর এই ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পর তা এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কনসার্ট যখন পূর্ণ ছন্দে চলছিল, ঠিক তখনই দর্শকসারি থেকে এক তরুণী আচমকা মঞ্চে উঠে আসেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভক্তের প্রতি সম্মান প্রদর্শন করে আতিফ আসলাম শুরুতে হাসিমুখে তার সঙ্গে সেলফি তোলার সুযোগ করে দেন। কিন্তু বিপত্তি ঘটে ঠিক তার পরেই। একবার ছবি তোলার পরও ওই তরুণী মঞ্চ ছাড়তে অস্বীকৃতি জানান এবং বারবার গায়কের একদম কাছে মোবাইল ক্যামেরা ধরে আরও ছবি তোলার জন্য আবদার করতে থাকেন।

বিজ্ঞাপন

ভক্তের এমন নাছোড়বান্দা আচরণে অনুষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়। একপর্যায়ে আতিফ আসলাম দৃশ্যত বিরক্ত ও অস্বস্তিবোধ করেন এবং পারফরম্যান্স থামিয়ে দিয়ে মঞ্চের এক পাশে সরে দাঁড়ান। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গায়ক সরে যাওয়ার পর নিরাপত্তারক্ষীরা দ্রুত মঞ্চে এসে ওই তরুণীকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে সেই মুহূর্তেও ওই নারী ভক্ত নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন, যা উপস্থিত দর্শকদের মাঝেও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

পুরো ঘটনা চলাকালীন আতিফ আসলামের চোখেমুখে বিরক্তির ছাপ স্পষ্ট থাকলেও তিনি অত্যন্ত ধৈর্য ও সংযমের পরিচয় দিয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর মন্তব্য না করে শান্ত থেকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নেটিজেনরা আতিফ আসলামের ভূয়সী প্রশংসা করছেন। অন্যদিকে, সামাজিক মাধ্যমে অধিকাংশ মানুষই ওই ভক্তের এমন আচরণকে ‘অশোভন’ বলে আখ্যায়িত করেছেন। তাদের মতে, প্রিয় তারকার প্রতি ভালোবাসা প্রকাশের নামে এমন বিশৃঙ্খলা তৈরি করা কোনোভাবেই কাম্য নয়। কনসার্টের মতো জনাকীর্ণ স্থানে নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে মঞ্চে উঠে পড়া এবং শিল্পীর ব্যক্তিগত পরিসর লঙ্ঘন করার বিষয়টি এখন বড় বিতর্কের জন্ম দিয়েছে।