ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র পুত্র আব্রাহাম খান জয়-এর জন্মদিনে চারদিকে বইছে আনন্দের জোয়ার। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই তারকা-সন্তানকে ঘিরে ভক্তদের আগ্রহ ও উন্মাদনা সবসময়ই একটু আলাদা। বিশেষ এই দিনে বাবা-মায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ঘিরে তৈরি হয়েছে দারুণ কৌতূহল।
ছেলের জন্মদিনে নিজের ভেরিফায়েড পেজে বেশ কিছু মিষ্টি ছবি শেয়ার করে অপু বিশ্বাস লিখেছেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন; মাশাআল্লাহ ।’ স্নেহমাখা এই পোস্টটি মুহূর্তেই ভক্তদের নজর কেড়ে নেয়। অন্যদিকে, ঐতিহ্যবাহী কালো পাঞ্জাবি ও কটি পরা জয়ের একটি সুন্দর ছবি পোস্ট করে শাকিব খান লিখেছেন, ‘Happy Birthday, Baba. May you always reach for the stars & turn every dream into reality! ‘ ছোট প্রিন্সকে নিয়ে তারকা জুটির এমন আবেগঘন উপস্থিতি ভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।
২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাস গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আব্রাহাম খান জয় ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেন। জন্মের পর কয়েক মাস পর প্রকাশ্যে আনা হয় আব্রাহামকে। ২০১৭ সালের এপ্রিল মাসে অপু বিশ্বাস এক টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে বিয়ের খবর ও সন্তানের বিষয়ে প্রথম জানান।এই ঘটনা তখন ঢালিউড ইন্ডাস্ট্রিতে তুমুল আলোচনার জন্ম দেয়। সেই ঘটনার পর শাকিব-অপুর সম্পর্ক তিক্ততায় রূপ নেয় এবং কিছুদিনের মধ্যেই তাঁরা আলাদা হয়ে যান। এর পর থেকে জয় মূলত মায়ের কাছেই বড় হয়ে উঠছে। তবে বিশেষ উপলক্ষে বাবার সঙ্গেও সময় কাটাতে দেখা যায় তাকে।