Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ধর্ষণ বাড়ে, সাজা কোথায়!

মুহিবুল হাসান রাফি
১২ নভেম্বর ২০২৬ ১৯:১৯

ধর্ষণের ঘটনা সামনে আসে। মামলা হয়। আসামি গ্রেপ্তার হয়। সংবাদমাধ্যমে কয়েক দিন তীব্র আলোচনা চলে। তারপর? অনেক মামলার পরিণতি হারিয়ে যায় দীর্ঘ বিচারপ্রক্রিয়ার ভিড়ে। ফলে সমাজের সামনে সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটি থেকেই যায়। ধর্ষণের জন্য আইনে কঠোর সাজা থাকলেও বাস্তবে কতজন অপরাধী সেই সাজা পাচ্ছেন?

বাংলাদেশে ধর্ষণের শাস্তি কম নয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ধারা ৯ অনুযায়ী ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। ২০২০ সালে মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করা হয় এবং ২০২৬ সালের সংশোধনেও কঠোর শাস্তির কাঠামো বহাল রয়েছে। তাহলে প্রশ্নটি শাস্তির কঠোরতা নিয়ে নয়; প্রশ্নটি শাস্তি নিশ্চিত হওয়ার সক্ষমতা নিয়ে।

বিজ্ঞাপন

২০২৫ সালে দেশে ধর্ষণের অভিযোগে ৭ হাজার ৬৮টি মামলা হয়েছে,২০২৪ সালের ৫ হাজার ৫৬৬টির তুলনায় উল্লেখযোগ্য বেশি। একই সময়ে ৯৯টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এক লাখ ৩২ হাজারের বেশি মামলা বিচারাধীন ছিল; এর মধ্যে ৩০ হাজারের বেশি পাঁচ বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে। আরও উদ্বেগজনক চিত্র এসেছে সুপ্রিম কোর্ট ও ব্র্যাকের যৌথ গবেষণায়। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩২ জেলার ৪২টি ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ৪ হাজার ৪০টি নারী ও শিশু নির্যাতন মামলার বিশ্লেষণে দেখা গেছে, মাত্র ৩ শতাংশ মামলায় দণ্ড হয়েছে; প্রায় ৭০ শতাংশ মামলায় আসামি খালাস পেয়েছে। একটি মামলা নিষ্পত্তিতে গড়ে লেগেছে প্রায় ১ হাজার ৩৭০ দিন, প্রায় ৩ বছর ৭ মাস যেখানে আইনে নির্ধারিত সময়সীমা অনেক কম। গড়ে একটি মামলায় শুনানির তারিখ পড়েছে ২২ বার।এখানেই রাষ্ট্রের জন্য বড় প্রশ্ন: আইন যদি দ্রুত বিচার চায়, বিচার যদি বছরের পর বছর চলে, তাহলে দায় কার?

মামলা দীর্ঘ হলে শুধু আদালতের সময় নষ্ট হয় না; নষ্ট হয় সাক্ষ্যের ধারাবাহিকতা, আলামতের কার্যকারিতা এবং ভুক্তভোগী পরিবারের মানসিক শক্তি। সাক্ষী অনুপস্থিত থাকেন, তদন্ত বিলম্বিত হয়, চিকিৎসা ও ফরেনসিক প্রতিবেদন দেরিতে আসে, বারবার সময় চাওয়া হয়। দীর্ঘসূত্রতা শেষ পর্যন্ত মামলার শক্তি কমিয়ে দেয়। সুপ্রিম কোর্ট-ব্র্যাক গবেষণাতেও সাক্ষীর অনুপস্থিতি, তদন্তের বিলম্ব, দুর্বল প্রমাণব্যবস্থা ও সাক্ষী সুরক্ষার ঘাটতিকে গুরুত্বপূর্ণ বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে।আইন বদলেছে, শাস্তি কঠোর হয়েছে, সময়সীমাও কমানো হয়েছে। ২০২৫ সালের সংশোধনীতে বিচারপ্রক্রিয়াকে আরও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়। ২০২৬ সালের সংশোধনীতে ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান পুনর্বিন্যস্ত হয়েছে; অর্থদণ্ড ভুক্তভোগী বা তার আইনগত উত্তরাধিকারীর ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। কিন্তু কাগজে সময়সীমা কমালেই বিচার দ্রুত হয় না।

প্রশ্ন হলো, তদন্ত কর্মকর্তা কি সময়মতো তদন্ত শেষ করছেন? ফরেনসিক প্রতিবেদন কি দ্রুত পাওয়া যাচ্ছে? প্রসিকিউশন কি প্রস্তুত? সাক্ষীকে আদালতে আনার কার্যকর ব্যবস্থা আছে কি? অপ্রয়োজনীয় মুলতবি ঠেকানোর জবাবদিহি আছে কি? প্রতিটি বিলম্বের কারণ কি লিখিতভাবে নথিভুক্ত হচ্ছে? কোনো মামলা বছরের পর বছর ঝুলে থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তার কর্মদক্ষতা কি পর্যালোচনা করা হয়?

এই প্রশ্নগুলোর উত্তর না বদলালে শুধু শাস্তি বাড়িয়ে অপরাধ কমানো যাবে না। জাতিসংঘের বাংলাদেশ-সংক্রান্ত আইনি মূল্যায়নেও বলা হয়েছে, কঠোর শাস্তির বিধান থাকা সত্ত্বেও আইনের বাস্তব প্রয়োগের সীমাবদ্ধতার কারণে অপরাধীরা অনেক ক্ষেত্রে কার্যকর আইনি পরিণতি থেকে রেহাই পায়। একই মূল্যায়নে ধর্ষণ আইনের ঐতিহাসিক ও কাঠামোগত সীমাবদ্ধতার কথাও উল্লেখ করা হয়েছে। আরেকটি বিষয় আরও কঠিন মামলা করা আর বিচার পাওয়া এক জিনিস নয়। সামাজিক চাপ, ভয়, হুমকি, সামাজিক কলঙ্ক, আর্থিক চাপ ও দীর্ঘ বিচারপ্রক্রিয়া অনেক ভুক্তভোগী ও সাক্ষীকে মামলা চালিয়ে যেতে নিরুৎসাহিত করতে পারে। BLAST-এর গবেষণা ও আইন সংস্কার-সংক্রান্ত কাজেও এসব বাধা এবং সাক্ষী সুরক্ষার প্রয়োজনীয়তা বারবার উঠে এসেছে। ধর্ষণ প্রতিরোধের রাষ্ট্রীয় কৌশলকে তিনটি স্তরে সাজাতে হবে প্রতিরোধ, দ্রুত ও নির্ভুল তদন্ত, এবং নিশ্চিত বিচার।

প্রথমত, বিদ্যালয়, মাদ্রাসা, আবাসিক প্রতিষ্ঠান, কর্মস্থল ও অন্যান্য ঝুঁকিপূর্ণ পরিবেশে শিশুসুরক্ষা ও নিরাপত্তাব্যবস্থা কার্যকর করতে হবে। UNICEF Bangladesh ২০২৬ সালে নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতার ঘটনায় প্রতিরোধ, রিপোর্টিং, শিশুবান্ধব পুলিশ ও বিচারব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি শক্তিশালী করার আহ্বান জানিয়েছে।

দ্বিতীয়ত, প্রতিটি ধর্ষণ মামলার জন্য একটি ডিজিটাল কেস-ট্র্যাকিং ব্যবস্থা থাকা দরকার মামলা হয়েছে কবে, তদন্তের শেষ তারিখ কখন, চার্জশিট কবে, ফরেনসিক প্রতিবেদন কোথায়, সাক্ষী হাজির হয়েছেন কি না, কতবার মুলতবি হয়েছে এবং বিলম্বের কারণ কী সবকিছুর হিসাব থাকতে হবে। তৃতীয়ত, সাক্ষী সুরক্ষা বাস্তবায়ন করতে হবে। একজন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য যদি বছরের পর বছর সামাজিক চাপ ও ভয় মোকাবিলা করতে হয়, তাহলে কেবল আইনের কঠোরতা দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন। চতুর্থত, তদন্ত ও প্রসিকিউশনের মান পরিমাপযোগ্য করতে হবে। শুধু মামলার সংখ্যা দিয়ে কর্মকর্তার কর্মদক্ষতা বিচার নয়; তদন্তের মান, সময়সীমা, প্রমাণ সংগ্রহ, সাক্ষী ব্যবস্থাপনা এবং আদালতে মামলার অগ্রগতিও মূল্যায়নের অংশ হতে হবে। পঞ্চমত, দ্রুত বিচার মানে দ্রুত দণ্ড নয়; দ্রুত, নিরপেক্ষ ও প্রমাণভিত্তিক বিচার। নিরপরাধ কাউকে সাজা দেওয়া যেমন ন্যায়বিচার নয়, তেমনি অপরাধীর বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ সংগ্রহে রাষ্ট্রের ব্যর্থতাও ন্যায়বিচার নয়।

বাংলাদেশের আইন ইতিমধ্যে কঠোর। কিন্তু অপরাধীর মনে ভয় তৈরি করে আইনের সর্বোচ্চ শাস্তির ঘোষণা নয় অপরাধের পর দ্রুত শনাক্তকরণ, শক্তিশালী তদন্ত, কার্যকর prosecution এবং নির্ভুল বিচারই শাস্তির বাস্তব নিশ্চয়তা তৈরি করে। ধর্ষণের মামলা যখন বছরের পর বছর ঝুলে থাকে, তখন আসামির জন্য সময় হয়; কিন্তু ভুক্তভোগীর জন্য সময় হয়ে ওঠে নতুন বোঝা। তাই এখন আর শুধু প্রশ্ন হওয়া উচিত নয় ‘ধর্ষণের সাজা কত?’ প্রশ্ন হওয়া উচিত ‘মামলা হওয়ার পর সাজা নিশ্চিত করতে রাষ্ট্র কতটা কার্যকর?

কারণ আইনের বইয়ে মৃত্যুদণ্ড থাকলেই বিচার প্রতিষ্ঠিত হয় না। আদালতের রায়ে অপরাধ প্রমাণিত হয়ে, আইনসম্মত প্রক্রিয়ায় সাজা কার্যকর হলেই রাষ্ট্রের কঠোরতার প্রমাণ মেলে। ধর্ষণ বন্ধ করতে হলে তাই শাস্তির ঘোষণা নয়, শাস্তি নিশ্চিত হওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে। অপরাধীকে বুঝতে হবে মামলা করে বিষয়টি থেমে যাবে না; তদন্ত হবে, প্রমাণ সংগ্রহ হবে, সাক্ষী সুরক্ষিত থাকবে, বিচার নির্দিষ্ট সময়ের মধ্যে হবে এবং অপরাধ প্রমাণিত হলে সাজা এড়ানোর পথ থাকবে না। রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বার্তাটি হওয়া উচিত একটাই ধর্ষণের বিরুদ্ধে আইন শুধু কঠোর নয়, কার্যকরও।

লেখক: শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

ধর্ষণ বাড়ে, সাজা কোথায়!
১২ নভেম্বর ২০২৬ ১৯:১৯

আরো

সম্পর্কিত খবর