Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৬ ১৫:৩৬

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ বাদশা (৩৫) এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) সকাল সাড়ে ১০টা দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব সিকদারপাড়া এলাকার মৃত দিলদার আহমদ দিলুর ছেলে। তিনি স্থানীয় হ্নীলা বাজারে চনা-মুড়ির একটি দোকান পরিচালনা করতেন এবং এলাকায় ‘চনা বাদশা’ নামেই পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে হ্নীলা বাজার সংলগ্ন নিজ গোয়ালঘরে কাজ করছিলেন বাদশা। এ সময় খামারের একটি ছেঁড়া বৈদ্যুতিক তার দেখতে পান তিনি। তারটিতে বিদ্যুৎ নেই মনে করে স্পর্শ করলে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম। তিনি জানান, গোয়ালঘরে কাজ করার সময় অসাবধানতাবশত ছেঁড়া বৈদ্যুতিক তারে হাত দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাই মামুন বলেন, ‘আমার ভাই খামারে কাজ করছিল। ছেঁড়া তারে বিদ্যুৎ নেই ভেবে ধরতেই সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। আমরা দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করি। কিন্তু পথেই সে মারা যায়।’

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, অসতর্কতা ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। যা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর