বেনাপোল: জেলার শার্শায় দুর্ধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ডাকাতির সঙ্গে জড়িত রবিউল ইসলাম রবি (৪৫) নামে এক ডাকাতকে আটকও করেছে।
বৃহস্পতিবার (৬ মে) রাত ৩টার দিকে শার্শার মাটিপুকুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতদল দু’টি মোটরসাইকেল, নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করেছে বলে জানা গেছে।
পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া দু’টি মোটরসাইকেল উদ্ধার করেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৩টার দিকে মাটিপুকুর গ্রামে মো. ইয়াকুব আলীর বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাত দল বাড়ির লোহার গেট ভেঙে ঘরে প্রবেশ করে। তখন ডাকাতদল ইয়াকুব আলীর ঘর থেকে দু’টি মোটরসাইকেল, নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন প্রকার মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতি শেষে পরিবারের লোকজন চিৎকার করলে গ্রামবাসীর মধ্যে আতংক সৃষ্টি করতে ডাকাত দলটি কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় বোমার বিকট শব্দে গ্রামের সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী পরিবার ও তাদের প্রতিবেশীদের অভিযোগ, ডাকাতির ঘটনায় নেতৃত্ব দিয়েছেন মাটিপুকুর গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে রবিউল ইসলাম রবি। রবির বিরুদ্ধে এর আগেও চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে যশোর ‘ক’ নাভারন সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার আরিফ হোসেন জানান, খবর পেয়ে শার্শা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে বেনাপোল এলাকা থেকে প্রধান অভিযুক্ত রবিউল ইসলাম রবিকে আটক করেছে।
এ সময় পুলিশ দুইটি মোটরসাইকেল উদ্ধার করেছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে। অপরাধী যে-ই হোক, তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।’