কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশনে বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সর্বস্তরের জনগণ।
সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে স্টেশন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন।
সমাবেশে বক্তারা বলেন, কুমারখালী শিল্প, সংস্কৃতি ও পর্যটনসমৃদ্ধ একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানকার তাঁত ও বস্ত্রশিল্প দেশ-বিদেশে পরিচিত। এছাড়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ কুঠিবাড়ি, লালন শাহের আখড়াবাড়ি, সাহিত্যিক মীর মশাররফ হোসেনের স্মৃতিবিজড়িত স্থান ও কাঙাল হরিনাথ মজুমদারের বাড়িসহ একাধিক দর্শনীয় স্থান রয়েছে।
তারা অভিযোগ করেন, প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এ অঞ্চল থেকে যাতায়াত করলেও পর্যাপ্ত রেলসেবা না থাকায় সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই খুলনা-ঢাকা রুটের সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের কুমারখালী স্টেশনে যাত্রাবিরতির দাবি জানান তারা।
অন্যদিকে, কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনের দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে রেলযাত্রী অধিকার পরিষদ। স্টেশন চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা স্টেশনটির অবকাঠামো নষ্ট হয়ে গেছে। যাত্রীদের বসার ব্যবস্থা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে প্রতিনিয়ত ভোগান্তি বাড়ছে। দ্রুত স্টেশন সংস্কার ও যাত্রীসেবার মান উন্নয়নের দাবি জানান তারা।