পাবনা: জেলার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, শর্টগানের কার্তুজ ১৩টি ও ৬৪ পিস ইয়াবাসহ আব্দুর রব (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
রবিবার (১০ মে) রাত ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকায় ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ জানায়, আব্দুর রব মাটি ও বালির ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে অস্ত্র ও ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) আসাদুর রহমান জানান, আব্দুর রবকে আটক করে থানায় আনার পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সোমবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।’