ঢাকা: রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর কাফরুলে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজান ইসলাম বলেন, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানা যায়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে।
এর আগে, আজ শুক্রবার জুমার পর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। এরপর সন্ধ্যার দিকে এবং রাতে রাজধানীর মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী থানার সামনে, মগবাজার চৌরাস্তায়, বিটিভি ভবন এবং বাবুবাজার ব্রিজের নিচে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।