ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬৮টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আকতার হোসেন বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৪৯ জন, ওয়ারী বিভাগ ৭০ জন, মতিঝিল বিভাগ ৫৬ জন, তেজগাঁও বিভাগ ৭৪ জন, মিরপুর বিভাগ ১৬৯ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৪২ জন, গোয়েন্দা বিভাগ ২৪ ও এসআরইউ কর্তৃক ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, অভিযানকালে ৬২ কেজি ৬৯০ গ্রাম গাঁজা, ৩৫ হাজার ৮১০ পিস ইয়াবা, ১২৬ বোতল ফেনসিডিল ও ৬ হাজার ৯৬০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।