ঢাকা: ধার দেওয়া টাকা ফেরত চাওয়ায় রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাড়িতে ঢুকে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ এবং লুটপাট চালিয়ে সোনার গহনাসহ ২২ লাখ টাকার মালামাল নেওয়ার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ৪ এপ্রিল রাত ১১টায় যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় বসবাসকারী মো. সালাউদ্দিনের বাড়িতে গিয়ে আসামি মো. রাকিব হোসেন (২৫) ও জাহেদুল ইসলাম অনিক (৩২) সহ আরও ৭ থেকে ৮ জন ব্যক্তি সালাউদ্দিন এবং তার স্ত্রীকে এলোপাথাড়ি মারধর করে। এসময় নগদ টাকা ও সোনার গহনাসহ প্রায় ২২ লাখ টাকার মূল্যবান সামগ্রী নিয়ে যায়। সেইসঙ্গে ভিকটিম সালাউদ্দিনকে রুমে আটকে রেখে অজ্ঞাতনামা একজন আসামি ভিকটিমের স্ত্রীকে ধর্ষণ করে।
তাপস কর্মকার বলেন, গ্রেফতার আসামি জাহেদুল ইসলাম অনিক প্রায় ৪ বছর আগে ভিকটিমের নিকট হতে টাকা ধার নেয়। ভিকটিম টাকা ফেরত চাইলে মো. রাকিব হোসেন ও জাহেদুল ইসলাম অনিকসহ ৭ থেকে ৮ জন ব্যক্তি মিলে ওই ঘটনা ঘটায়।
তিনি বলেন, এ ঘটনায় গত ১৯ মে ভিকটিম যাত্রাবাড়ী থানায় এজাহার দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার ঘটনার সঙ্গে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র্যাব-১০ আসামিকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইলে অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান আসামি রাকিব হোসেনকে ও জাহেদুল ইসলাম অনিককে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।