ঢাকা: ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনতে উপানুষ্ঠানিক শিক্ষা একটি কার্যকর মাধ্যম বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালীর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের প্রান্তিক ও শিক্ষা থেকে বিচ্ছিন্ন শিশু-কিশোরদের পুনরায় শিক্ষার আওতায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও বিস্তৃত ও মানসম্মত করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী সভায় উপানুষ্ঠানিক শিক্ষার কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক রূপকল্পে দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে; যা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লক্ষ্য ও পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ব্যুরোর লক্ষ্য হচ্ছে শিক্ষাবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং সবার জন্য জীবনব্যাপী শিক্ষার সুযোগ নিশ্চিত করা।
ববি হাজ্জাজ আরও বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা সম্প্রসারণে জোর দিতে হবে; যাতে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
সভায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রতিমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।