ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ সেপ্টেম্বর) পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। আগের দিনও দুই বাজারে সূচকের উত্থান ঘটেছিল।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা উত্থানের কারণে বিনিয়োগকারীদের মধ্যে বাজার নিয়ে তৈরি হওয়া আশঙ্কা কিছুটা কমছে এবং ধীরে ধীরে আস্থা ফিরতে শুরু করেছে। তবে পরিস্থিতি আরও ভালোভাবে বোঝার জন্য এখনো অনেক বিনিয়োগকারী বাজার পর্যবেক্ষণ করছেন। আগামী দিনগুলোতে উত্থানের এই ধারা অব্যাহত থাকলে সূচক ও লেনদেনে নতুন রেকর্ড হতে পারে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯২ পয়েন্টে অবস্থান করছে।
অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১১৮ ও ২১২১ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসই-তে ৭৪৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
যা আগের কার্যদিবসের চেয়ে ৯২ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসই-তে ৬৫৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
ডিএসই-তে ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮৭টি কোম্পানির, কমেছে ৬২টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলো, ইস্টার্ন ব্যাংক, সার্প ইন্ডাস্ট্রি, আইপিডিসি, প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, এশিয়াটিক ল্যাব, লাভেলো আইসক্রিম, এনভয় টেক্সটাইল ও রিলায়েন্স ইন্স্যুরেন্স।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর সার্বিক সূচক সিএএসপিআই ১১৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৫৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে হাত বদল হওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৪১টি এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির কোম্পানির শেয়ার দর।
সিএসই-তে ১০ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে সাত কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসই-তে লেনদেন হয়েছিল ১৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।