Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রাম্পের সঙ্গে অক্টোবর থেকে যোগাযোগ নেই নোবেলজয়ী মাচাদোর

আন্তর্জাতিক ডেস্ক
৬ জানুয়ারি ২০২৬ ১৪:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন, গত বছরের অক্টোবরের পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কোনো কথা হয়নি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে, সোমবার ফক্স নিউজের ‘হানিটি’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

মাচাদো বলেন, ‘গত ১০ অক্টোবর যেদিন নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছিল, সেদিনই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার শেষ কথা হয়। এরপর থেকে আমাদের আর কোনো যোগাযোগ হয়নি।’

নরওয়েজীয় নোবেল কমিটি ভেনেজুয়েলার শাসনব্যবস্থাকে ‘স্বৈরাচার’ হিসেবে অভিহিত করে মাচাদোকে এই পুরস্কার দেন। পুরস্কার নেওয়ার জন্য গত মাসে তিনি দেশ ছাড়েন এবং বর্তমানে দেশের বাইরেই অবস্থান করছেন।

বিজ্ঞাপন

ভেনেজুয়েলায় ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যত দ্রুত সম্ভব দেশে ফেরার পরিকল্পনা করছি।’

শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার ঘটনার পর এটিই ছিল মাচাদোর প্রথম সাক্ষাৎকার।

তিনি মার্কিন এই পদক্ষেপকে ‘মানবতা, স্বাধীনতা এবং মানুষের মর্যাদার জন্য এক বিশাল পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন।

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে মাচাদোকে বিবেচনা করা হলেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান ভিন্ন। শনিবার ট্রাম্প মাচাদোর সঙ্গে কাজ করার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, ‘দেশের ভেতরে তার (মাচাদোর) তেমন কোনো সমর্থন বা সম্মান নেই।’

এদিকে, সোমবার ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট এবং তেল মন্ত্রী দেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তবে গত সপ্তাহের মার্কিন অভিযানের পর দক্ষিণ আমেরিকার এই দেশটিতে দীর্ঘমেয়াদী নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক জল্পনা চলছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর