Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি

আর্ন্তজাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২৬ ০৮:৪৮ | আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১০:২৩

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ফাইল ছবি।

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, লারিজানিকে হত্যার প্রায় একদিন পর বুধবার (১৮ মার্চ) এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত বিবৃতিতে লারিজানিকে একজন ‘বুদ্ধিমান ও অঙ্গীকারবদ্ধ ব্যক্তি’ এবং ইরানের রাজনৈতিক কাঠামোর এক বিশিষ্ট ব্যক্তিত্ব বলে অভিহিত করেন নতুন সর্বোচ্চ নেতা।

বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, ‘এই ধরনের একজন ব্যক্তিত্বের হত্যাকাণ্ড থেকে তিনি কতটা গুরুত্বপূর্ণ এবং ইসলামের শত্রুদের কাছে তিনি কতটা ঘৃণ্য ছিলেন, তা বোঝা যায়। প্রতিটি রক্তের মূল্য রয়েছে, যা এই শহিদদের খুনিদের অচিরেই পরিশোধ করতে হবে।’

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) রাতে তেহরানে ইসরায়েলের হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি তার পুত্রসহ নিহত হন। ওই দিন পৃথক আরেকটি হামলায় দেশটির আধা-সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলেইমানিও নিহত হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে আরেকটি বিমান হামলায় ইরানের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিব নিহত হন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খতিব ইসরায়েলের হামলায় নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এটাকে ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি সকালে যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ রাজনৈতিক ও সামরিক একাধিক শীর্ষ নেতা নিহত হন। একই হামলায় মোজতবা খামেনিও আহত হয়েছিলেন।

বাবা আলী খামেনির মৃত্যুর কয়েক দিন পর মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়।

এদিকে বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, তাদের সামরিক বাহিনীকে এখন থেকে যেকোনো জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করার অনুমতি দেওয়া হয়েছে। এ জন্য বাড়তি অনুমোদনের প্রয়োজন হবে না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর