Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উগ্রবাদে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার ২ জন রিমান্ড শেষে কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ২২:৫৪

উগ্রবাদে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার শাহ আমানত সাবির ও হোসাইন তানিম

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার হওয়া শাহ আমানত সাবির ও হোসাইন তানিমকে দুই দফায় মোট ছয় দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (১১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মাসুম খান।

মামলার নথি অনুযায়ী, গত ৫ জুলাই আসামিদের আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়। তদন্তের স্বার্থে প্রথমে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে আরও তিন দিনের রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ৫ জুলাই ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’ নামের একটি উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে শাহ আমানত সাবির ও হোসাইন তানিমকে গ্রেফতার করা হয়।

এর আগে একই মামলায় গ্রেফতার হওয়া জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়োজিতকে গত ৮ জুলাই রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

এদিকে, ৯ জুলাই যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকা থেকে এফসিএসের সক্রিয় সদস্য সন্দেহে তাহসীন ইসলামকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর