ঢাকা: আজ সন্ধ্যার মধ্যে দেশের উত্তরাঞ্চল ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে শক্তিশালী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
মঙ্গলবার (২৪ মার্চ) আবহাওয়া অফিসের এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস বলছে, রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের সঙ্গে এই অঞ্চলগুলোতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। উদ্ভূত পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সিনপটিক অবস্থায় দেখা যাচ্ছে, লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রপাত ও দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, আগামী কয়েকদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।