Tuesday 14 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ পহেলা বৈশাখেও থাকবে তাপপ্রবাহ, ঢাকায় কিছুটা বৃষ্টির সম্ভাবনা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ০৮:২০

আবহাওয়া অধিদফতর। ছবি: সংগৃহীত

ঢাকা: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের উৎসবে এবার তাপপ্রবাহের সঙ্গে বৃষ্টির এক মিশ্র আবহাওয়া বিরাজ করতে পারে। বাংলা নববর্ষের প্রথম দিন মঙ্গলবার (১৪ এপ্রিল) সারাদেশে গরমের দাপট অব্যাহত থাকার পাশাপাশি রাজধানী ঢাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তবে এই বৃষ্টিতে জনজীবনে খুব একটা স্বস্তি আসার সম্ভাবনা কম, কারণ দিনভর ভ্যাপসা গরম আর গুমোট পরিস্থিতি বজায় থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে ঢাকায় হালকা বৃষ্টির দেখা মিলতে পারে। তবে এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, মঙ্গলবার সকালে ঢাকায় হালকা বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে। যদি বৃষ্টি হয়ও, তা হবে খুবই সামান্য।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারও তাপমাত্রা প্রায় একই পর্যায়ে থাকার সম্ভাবনা রয়েছে, যার ফলে উৎসবের দিনটিতেও রাজধানীবাসীকে কড়া রোদের তাপ আর গরমের অস্বস্তি সহ্য করতে হবে।

অন্যদিকে দেশের একটি বড় অংশের ওপর দিয়ে ইতিমধ্যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে, তা মঙ্গলবারও অব্যাহত থাকতে পারে।
দেশের অন্তত ১৪টি জেলায় চলমান এই তাপপ্রবাহের ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। বিশেষ করে চৈত্র ও বৈশাখের এই সন্ধিক্ষণে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গরমের অনুভূতি প্রকৃত তাপমাত্রার চেয়েও বেশি অনুভূত হচ্ছে। উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সূর্যের প্রখরতা বেশি থাকায় সেখানে ঘর থেকে বের হওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে।

সব মিলিয়ে এবারের বৈশাখ বরণে প্রকৃতির দুই রূপই দেখা যেতে পারে। একদিকে যেমন বৃষ্টির স্নিগ্ধতা পাওয়ার আশা রয়েছে, অন্যদিকে দেশের বিশাল অঞ্চল জুড়ে সূর্যের প্রচণ্ড উত্তাপ আর মৃদু তাপপ্রবাহ উৎসবের আমেজে কিছুটা হলেও বাধা হয়ে দাঁড়াতে পারে।

আবহাওয়া বিদদের মতে, এই সময়ে হুটহাট করে মেঘ জমলেও তা তাপমাত্রার বড় কোনো পরিবর্তন ঘটাবে না। ফলে গরমের তীব্রতা মাথায় রেখেই পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পর্যাপ্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

 

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর