ঢাকা: প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন আর ডর (ভয়) দেখানোর মতো জায়গা নেই। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তের খবরে প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ প্রতিক্রিয়া জানান তিনি।
এর আগে সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েই বাংলাদেশ লাগোয়া সীমান্তে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এই বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন তিনি।
বাংলাদেশের সঙ্গে এখনও অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ইস্যুটি পশ্চিমবঙ্গের আগের সরকারের সময় ঝুলে ছিল। সরকার গড়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সীমান্তে বিএসএফকে জমি দেওয়ার অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৪৫ দিনের মধ্যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি বুঝে দেওয়া হবে।
সে বিষয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে ঢাকা। বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না।
এসময় উঠে আসে পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর প্রসঙ্গ। এক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই সফরে তিস্তা ইসুতে ভালো অগ্রগতি হয়েছে। চায়নার এক্সিম ব্যাংক অর্থায়ন করবে বলেও জানান তিনি। সময় নির্ধারণ না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।