Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কোরবানির পশুর চামড়ার দাম বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ১৯:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশে পবিত্র ঈদুল আজহা ঘিরে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। চলতি বছর গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এ বছর ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা। অন্যদিকে ঢাকার বাইরে গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয় ৫৭ থেকে ৬২ টাকা, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা।
আর সারাদেশে খাসির চামড়ার প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম প্রতি বর্গফুট ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয় সেজন্য সারা দেশে সরকারি অর্থায়নে বিনামূল্য লবণ পৌঁছানো হবে। এজন্য এরই মধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মাধ্যমে জেলা-উপজেলায় এই লবণ পৌঁছে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘কোরবানির ঈদে আমাদের কোনো চামড়া যেন নষ্ট না হয় সেজন্য আমরা কাজ করছি। প্রতিটি জেলা এবং উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট মসজিদ-মাদরাসার লোকদের ডেকে এনে প্রশিক্ষণ দেবেন।’

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর