ঢাকা: স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ডা. জাহেদ উর রহমান বলেন, কেউ যদি ব্যক্তিগত পরিচয়ে নির্বাচনে অংশ নিতে চায়, সেক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, সে কারণে আওয়ামী লীগের পদ-পদবি ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে যেকোনো দল থেকে ব্যক্তিগতভাবে এই নির্বাচনে কেউ অংশ নিলে কোনো বাধা থাকবে না।’
ব্রিফিংয়ে তিস্তা ব্যারেজ প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘পদ্মা ব্যারেজ নির্মাণের মতো তিস্তা ব্যারেজ নির্মাণ করে পানি সংরক্ষণের জন্য প্রকল্প হাতে নেবে সরকার। ভারত থেকে আসা পানি ব্যারেজের মাধ্যমে সংরক্ষণ করে তা শুষ্ক মৌসুমে ব্যবহার করা হবে।’
যেকোনো পুশইন প্রসঙ্গে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের নির্বাচনি ইশতেহারের কারণে পুশইন হচ্ছে। তবে খুব শিগগিরই আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে।’
সারাদেশে বর্তমানে ৮ টি উপজেলায় ১০০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘বাকি সকল ৩১ শয্যা ও ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১০১ শয্যায় উন্নীত করা হবে। এজন্য প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে। আশা করা যায় পাঁচ বছর পর এই সেক্টরে আমূল পরিবর্তন আসবে।’
উপদেষ্টা বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিমান বাহিনীর জন্য প্রস্তাবিত অতিরিক্ত বাজেট বরাদ্দ সাপেক্ষে সরকার টু সরকার ব্যবস্থাপনায় প্রস্তুতকারী দেশের সরকারের সাথে সরাসরি আলোচনার মাধ্যমে এমআরসিএ ফাইটার এয়ারক্রাফট, অ্্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার, ইউএভি ইত্যাদি ক্রয় এবং ওটিএম পদ্ধতিতে বিভিন্ন ধরনের রার্ডার, ইলেক্ট্রনিক ওয়্যারফেয়ার, প্যাসিভ ডিটেকশন, মিডিয়াম রেঞ্জ সারফেস এয়ার মিসাইল, এন্টি ড্রোন, লং রেঞ্জ রাডার/এটিএস রাডার ইত্যাদি ক্রয় প্রক্রিয়া ডিজিডিপি’র মাধ্যমে গ্রহণ করা হয়েছে। এছাড়াও সাইবার স্পেস, তথ্যযুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত বিষয়ে সক্ষমতা অর্জনের জন্য কার্যক্রম নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে নানাবিধ পদক্ষেপ নিয়েছে। এতে যাত্রীরা স্বস্তির সাথে নিজ নিজ গন্তব্যে পৌঁছে এবং ঈদশেষে কর্মস্থলে ফিরে আসতে সক্ষম হয়। সদরঘাটে যাত্রী চাপ কমানোর লক্ষ্যে বসিলা ও শিমুলিয়ায় নতুন লঞ্চ ও ফেরীঘাট চালু করা হয়। সরকার নির্ধারিত মূল্য হতে লঞ্চের টিকেট মূল্য হ্রাস করা হয় এবং প্রত্যেক লঞ্চে ডিজিটাল ভাড়া চার্ট প্রদর্শনের ব্যবস্থা করা হয়।’
উপদেষ্টা বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নতুন টি আর (টেস্ট রিলিফ) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) নীতিমালা প্রণয়ন করেছে। গাজীপুরে প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় বিশেষ সাহায্য কর্মসূচি চালু হয়েছে।’
তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ও জুলাই যোদ্ধাদের নিয়মিত সম্মানী ভাতা প্রদানের অংশ হিসেবে, জুলাই ২০২৫ থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত শহিদদের উত্তরাধিকারীগণের মাঝে ১৫ কোটি ২৮ লাখ ৯৬ হাজার ৭০৩ টাকা এবং আহত জুলাই যোদ্ধাদের ক্যাটাগরি ভিত্তিক মাসিক সম্মানী ভাতা বাবদ ১৩৬ কোটি ৯৭ লক্ষ ১৪ হাজার টাকা বিতরণ করা হয়েছে।’
জাহেদ উর রহমান বলেন, ‘রাশিয়ায় ৩০ জন বাংলাদেশি যুবককে প্রতারণামূলকভাবে পাঠানোর দায়ে ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রীর উদ্যোগে দেশে ফিরছেন কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে আসা ৩৪ বছর বয়সী বাংলাদেশি নারী। ইরাকে পাসপোর্ট ফিরে পেয়েছেন ৭ বাংলাদেশি। ’
তিনি বলেন, ‘খাদ্য মন্ত্রণালয়ের অধীনে ওএমএস (Open Market Sale) কর্মসূচির আওতায় সারা দেশে ১ হাজার ১০০টি কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষের জন্য ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় প্রতি কেজি চাল ৩০ টাকা দরে সর্বোচ্চ ৫ কেজি পর্যন্ত, খোলা আটা প্রতি কেজি ২৪ টাকা দরে এবং ২ কেজি ওজনের আটার প্যাকেট ৫৫ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে। এর মাধ্যমে নিম্ন ও নিম্ন মধ্যম আয়ের মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হচ্ছে।’
উপদেষ্টা আরও বলেন, ‘৪ জুন ২০২৬ তারিখে সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নসংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা ও কৃষিখাত রক্ষার্থে পদ্মা ব্যারেজের মতো তিস্তা অঞ্চলেও পানি সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। খাল খনন কর্মসূচির আওতায় পানি সম্পদ মন্ত্রণালয় ১৮০ দিনের কর্মসূচিভুক্ত খালের সংখ্যা ৬৬৬ টি এবং দৈর্ঘ্য ১৩৫২.১১ কি. মি.। খননকৃত খালের দৈর্ঘ্য ৯৬৫.০৪ কি. মি.। যা শতকরা অগ্রগতি ৭১.৩৭%। আশা করা যায় ১৮০ দিনের মধ্যে শতভাগ সফল হবে। পদ্মা ব্যারেজ একনেকে অনুমোদিত হয়েছে যার ব্যয় ধরা হয়েছে ৩৪,৪৯৭ কোটি টাকা।’
তিনি বলেন, ‘রামিসা হত্যা মামলার বিচার দেশের ইতিহাসে নজিরবিহীন দ্রুততায় সম্পন্ন হয়েছে। মাত্র ছয় কার্যদিবসের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষ করে রায় ঘোষণা করা সম্ভব হয়েছে, যা বাংলাদেশের বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’