Sunday 14 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন কর্মকর্তার ২ বছরের বেতন বৃদ্ধি স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৬ ২৩:০৫

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: বদলির আদেশ অমান্য করে দীর্ঘ একবছর কর্মস্থলে অনুপস্থিত থাকায় নির্বাচন কর্মকর্তা রওশন আরেফিনের দুই বছরের বার্ষিক বেতন বৃদ্ধি স্থায়ীভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৪ জুন) রাতে নির্বাচন কমিশনের কর্মকর্তারা প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সচিবের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ২৬ নভেম্বর ঝিনাইদহ জেলা নির্বাচন অফিস থেকে টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসে বদলি করা হয়েছিল রওশন আরেফিনকে। ওই বছরের ৩ ডিসেম্বর তাকে ঝিনাইদহের কর্মস্থল থেকে অবমুক্ত করা হলেও তিনি পরবর্তী প্রায় একবছর নতুন কর্মস্থলে যোগ দেননি। কর্তৃপক্ষের আইনানুগ আদেশ অমান্য করে দীর্ঘদিন কোনো কর্মস্থলেই কর্মরত না থাকা সরকারি বিধি-বিধানের চরম লঙ্ঘন।

বিজ্ঞাপন

তার এই দীর্ঘ অনুপস্থিতি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ হিসেবে গণ্য করে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়। পরবর্তী সময়ে অভিযুক্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত শুনানি ও বিশদ তদন্ত শেষে তার বিরুদ্ধে আনীত ‘পলায়ন’-এর অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

সার্বিক বিষয় বিবেচনা করে দোষী সাব্যস্ত এই কর্মকর্তার ২০২৬ ও ২০২৭ সালের দু’টি বার্ষিক বেতন বৃদ্ধি স্থায়ীভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয় কমিশন। তবে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা ১১ মাস ২৫ দিন সময়কালকে তার জমা থাকা পূর্ণ গড় বেতনের অর্জিত ছুটি হিসেবে মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে ওই সময়টুকুকে নিয়মিত কর্মকাল হিসেবে গণ্য করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর