ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১১১ শিশু।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩ শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১১১১ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৩৪ শিশু এবং সন্দেহজনক হামে ১০৭৭ শিশু শনাক্ত হয়েছে।
এদিকে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৮২২ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৯৬৭ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭১ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ রোগী।
এছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১০১২ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৯১২ জন এবং নিশ্চিত হামে ১০০ জনের মৃত্যু হয়েছে।
দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।