Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কোভিড প্রকল্পে অনিয়ম, সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৪

‎ঢাকা: ‎সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতরের আওতাধীন প্রকল্পে বিভিন্ন চিকিৎসা সামগ্রী ও সেবা ক্রয়ে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে পৃথক ছয়টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

‎সোমবার (২১ সেপ্টেম্বর) দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান।

‎দুদকের অনুসন্ধানে কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস (ইআরপিপি) প্রকল্পের ছয়টি প্যাকেজে অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এসব ঘটনায় মোট ১২ কোটি ৩ লাখ ২৭ হাজার ৯৮৫ টাকা আত্মসাতের অভিযোগে ছয়টি পৃথক মামলা করা হয়েছে।

‎দুদক জানায়, প্রকল্পের আওতায় কেএন৯৫ (কঘ৯৫) ও এন৯৫ (ঘ৯৫) মাস্ক, হ্যান্ড গ্লাভস, হাসপাতাল বেড, চিকিৎসা ও সার্জিক্যাল সামগ্রী, টিভিসি প্রচার, মোবাইল অ্যাপ ও ওয়েব অ্যাপ্লিকেশনসহ বিভিন্ন পণ্য ও সেবা ক্রয় করা হয়। এসব ক্রয়ে পরস্পর যোগসাজশ, ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

‎এর মধ্যে প্রথম মামলায় ৩ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ১৫০ টাকা, দ্বিতীয় মামলায় ১ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার টাকা, তৃতীয় মামলায় ৯৩ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা, চতুর্থ মামলায় ৬২ লাখ ৭৩ হাজার ৪৭০ টাকা, পঞ্চম মামলায় ২ কোটি ১৬ লাখ ৯৭ হাজার ৬১৫ টাকা ৫০ পয়সা এবং ষষ্ঠ মামলায় ৩ কোটি ৩২ লাখ ৬৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

‎মামলাগুলোতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ছাড়াও কোভিড-১৯ ইআরপিপি প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মো. ইকবাল কবির, সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. সানিয়া তাহমিনা ঝোরা ও অধ্যাপক ডা. নাসিমা সুলতানাসহ স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

‎এছাড়া সংশ্লিষ্ট প্যাকেজের পণ্য ও সেবা সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তাদেরও মামলাগুলোতে আসামি করা হয়েছে।

‎দুদকের অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে এসব মামলা করা হয়েছে। মামলাগুলোতে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১২০(বি) ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আইজিপিসহ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫০

আরো

সম্পর্কিত খবর