Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাদক নির্মূলে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ার আহ্বান রাষ্ট্রপতির

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৬ ২০:৪৮ | আপডেট: ৭ অক্টোবর ২০২৬ ২১:০৭

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে ‘আহবান’-এর ৩৮ সদস্যের প্রতিনিধিদল

ঢাকা: মাদক মুক্ত দেশ গড়া এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘মাদকের ভয়াবহ ছোবল থেকে দেশের যুবসমাজকে রক্ষা করতে না পারলে জাতির সার্বিক উন্নয়ন ও কাঙ্ক্ষিত অগ্রগতি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।’

বুধবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গভবনে ঠাকুরগাঁও জেলার তরুণ মেধাবী শিক্ষার্থী ও পেশাজীবীদের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘আহ্বান’-এর ৩৮ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এই দিকনির্দেশনা দেন।

সংগঠনের আহ্বায়ক লুকমান শারীফ এবং সদস্যসচিব চিকিৎসক তাহমিদ আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করে।

বিজ্ঞাপন

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি তরুণদের অকাল অবক্ষয় থামিয়ে তাদের সম্ভাবনাময় ভবিষ্যৎ সুনিশ্চিত করতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন। একই সাথে সমাজ থেকে মাদক দূর করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর বিশেষভাবে জোর দিয়েছেন রাষ্ট্র প্রধান।

তিনি বলেন, ‘একটি অঞ্চলকে সমৃদ্ধ করতে হলে স্থানীয় জনগণকে সচেতন করতে হবে। একই সাথে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞানচর্চা এবং মানবিক মূল্যবোধ বিকাশের মাধ্যমে ইতিবাচক সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোর অবদান অত্যন্ত প্রশংসনীয়।’

অনুষ্ঠানে ‘আহ্বান’ সংগঠনের নানামুখী সামাজিক ও মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। বিশেষ করে ঠাকুরগাঁওয়ে আয়োজিত স্কুলভিত্তিক বিজ্ঞান মেলা, প্রতিবন্ধীদের ফুটবল প্রতিযোগিতা, চিকিৎসাসেবা ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ এবং জেন-জি কার্নিভালের মতো উদ্ভাবনী কর্মকাণ্ডের কথা তুলে ধরেন তিনি।

জেলাটির সার্বিক অর্থনীতি, কৃষি ও সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে তরুণদের আরো উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তিনি। দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং সরকারি নানা সেবা জনগণের কাছে সহজ উপায়ে পৌঁছে দিতে পেশাজীবীদের এগিয়ে আসার অনুরোধ জানান রাষ্ট্রপতি। তিনি সর্বাবস্থায় গণতান্ত্রিক চেতনা ও সুস্থ সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার তাগিদ দেন।

অন্যদিকে সাক্ষাৎ শেষে প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতিকে তরুণদের অনুপ্রেরণার মূল উৎস হিসেবে আখ্যায়িত করেন। ঠাকুরগাঁওয়ের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজে রাষ্ট্রপতির ধারাবাহিক অবদানের জন্য তারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একটি উন্নত, সুশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তরুণ প্রতিনিধিরা।

একই সাথে সংগঠনের মানবিক কাজের গতি বাড়াতে রাষ্ট্রপতির সার্বিক দিকনির্দেশনা ও সমর্থন কামনা করেন তারা। রাষ্ট্রপতি তরুণদের এই উদ্যোগে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর