Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘গোপালগঞ্জের পরিস্থিতি আর বসে বসে দেখার সুযোগ নেই’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ২২:১৮ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬ ০২:২৮

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: গোপালগঞ্জে ধারাবাহিকভাবে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে উল্লেখ করে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১৯ নভেম্বরকে কেন্দ্র করে সেখানে বড় ধরনের নাশকতার সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিস্থিতি আর বসে বসে দেখার সুযোগ নেই এবং অবিলম্বে এর কার্যকর প্রতিকার নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের সভায় কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধি অনুসারে আনীত প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সংসদে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই পরিস্থিতির বর্ণনা দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, আক্রমণ, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাটের ঘটনা ঘটেছে এবং জীবন বাঁচাতে পুলিশকে পিছু হটতে হয়েছে।’

বিজ্ঞাপন

ডিসি, এসপি ও ওসি বদলির বাইরে সরকারের পক্ষ থেকে আর কী জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে? সে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘দেশের বৃহৎ একটি অংশের সংযোগস্থল এই জেলা বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।’

নিরীহ মানুষের জীবন-সম্পদ এবং রাষ্ট্রীয় স্থাপনা রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ ও আশ্বাসের দাবি জানান তিনি। এ ছাড়া, গোপালগঞ্জের এই পরিস্থিতিকে শরীরের বিষফোঁড়ার সঙ্গে তুলনা করে তিনি সতর্ক করেন যে, এই বিষ যেন পুরো রক্তে ছড়িয়ে না পড়ে, তাই সময় থাকতেই একে কঠোরভাবে দমন করতে হবে।

দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাকশিল্পের (গার্মেন্টস) বর্তমান অস্থিরতা ও সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘এই শিল্প বাংলাদেশের অর্থনীতির প্রাণ এবং আমাদের মোট বৈদেশিক মুদ্রার ৮০ শতাংশ বা প্রায় ৩৮ থেকে ৪০ বিলিয়ন ডলার এই খাত থেকেই অর্জিত হয়। এর পরেই প্রবাসীদের রেমিট্যান্সের অবস্থান।’

গার্মেন্টস খাতে কোনো ধরনের বিপর্যয় নেমে এলে তা গোটা অর্থনীতিকে স্থবির করে দেবে উল্লেখ করে তিনি বলেন, ‘শিল্প মালিকরা ক্ষতিগ্রস্ত হলে ব্যাংকঋণ পরিশোধ করতে পারবেন না, ফলে ব্যাংকিং খাতেও ধস নামবে এবং মানি সার্কুলেশন বন্ধ হয়ে যাবে। কারখানাগুলো উৎপাদনে না টিকলে শ্রমিকদেরও পারিশ্রমিক দেওয়া অসম্ভব হয়ে পড়বে, যা ব্যাপক সামাজিক অস্থিরতা তৈরি করবে।’

গার্মেন্টস খাতের সমস্যা সমাধানে এককভাবে সরকারের ওপর নির্ভর না করে একটি সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, সরকার একা এই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এই সংকট থেকে উত্তরণে সরকারি দল, বিরোধী দল, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ এবং কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে অবিলম্বে একটি ‘ন্যাশনাল টাস্কফোর্স’ গঠনের প্রস্তাব করেন তিনি।

শ্রমিকদের সুরক্ষায় প্রতিবেশী দেশের আদলে সরকারি আর্থিক প্রণোদনার প্রস্তাব দিয়ে তিনি বলেন, ‘শিল্প মালিকরা যদি লাভজনক অবস্থায় না থাকেন, তবে তারা কারখানা চালাতে পারবেন না।’ তাই মালিক ও শ্রমিক উভয় পক্ষকেই বাঁচানো অত্যন্ত জরুরি। যদিও মজুরি বোর্ড গঠন করা হয়েছে, তবুও সার্বিক পরিস্থিতি সামাল দিতে সরকারের তরফ থেকে সরাসরি আর্থিক প্রণোদনা দেওয়ার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান তিনি।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর