Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ফেব্রুয়ারিতেই ঠিক হবে কে রাষ্ট্রক্ষমতায় আসবে: জয়নাল আবদীন ফারুক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ১৬:০৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নোয়াখালী: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্ধারিত হবে কে রাষ্ট্রক্ষমতায় আসবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের তাহিরপুর তামিরুল উম্মাত ইসলামিয়া আলিম মাদরাসায় সরকারিভাবে আলিম পাঠদানের অনুমতি, প্রথম বর্ষের শ্রেণিকার্যক্রম উদ্বোধন ও নবভর্তি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এখন আর শেখ হাসিনা নেই, তার গুণ্ডা-পাণ্ডারাও নেই—যারা দিনের ভোট রাতে নিয়ে কেন্দ্র দখল করত।’

জয়নাল আবদীন ফারুক আরও বলেন, ‘গত ১৬ বছরে জামায়াতের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, বিএনপির হাজার হাজার নেতা-কর্মী ও ছাত্রদের হত্যা করা হয়েছে, নির্যাতন চালানো হয়েছে। এখন সবাই সমান অবস্থানে আছে। মতাদর্শে ভিন্নতা থাকলেও ২০০১ সালের মতো আবারও ভাই-ভাই, বন্ধু-বন্ধু মিলে ভোট করব। জনগণের রায় মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন করব।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি আতাউর রহমান সুজন। সঞ্চালনা করেন কামরুল হাসান তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ-আল মামুন, মাদ্রাসার অধ্যক্ষ মজিবুর রহমান একরামী, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মনিরুল ইসলাম, উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আমিরুজ্জামান এবং জেএম এলিভেটর অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান মোরশেদ আলম চৌধুরী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর