ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, একটি সফল গণ-অভ্যুত্থান উত্তর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে সরকার দায়িত্ব নিয়েছেন ২ মাস অতিক্রান্ত হয়েছে। কিন্তু রাষ্ট্রের সর্বত্র অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা দৃশ্যমান।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের নিয়মিত বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
ইউনুস আহমদ বলেন, জ্বালানী ব্যবস্থাপনা নিয়ে যে বিশৃঙ্খলা ও স্বেচ্ছাচারিতা দেখা গেছে তা অর্ধশতাব্দির অভিজ্ঞতা সমৃদ্ধ একটি রাষ্ট্রে কল্পনা করাও কঠিন। সরকারের তথ্যমতে, তেলের মজুত যথেষ্ট কিন্তু তেলের জন্য হাহাকার দেখা যাচ্ছে। মানুষকে চরম ভোগান্তি পোহাতে হলো। জ্বালানির মূল্যবৃদ্ধির পরে পরিবহনখাতসহ সকল ক্ষেত্রে যে অরাজকতা তৈরি হয়েছে তা নিয়েও সরকারের কোন কর্মপরিকল্পনা দেখা যাচ্ছে না। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে রাষ্ট্রে কোনো সরকার আছে বলে মনে হয় না।
তিনি অভিযোগ করে বলেন, লোডশেডিং পরিস্থিতিতে নাজেহাল হচ্ছে মানুষ। পরিস্থিতি উত্তোরণের জন্য আস্থা তৈরির মতো কোনো কার্যক্রম দৃশ্যমান নাই। গত ঈদে গণপরিবহনের বিশৃঙ্খলা ছিল নজীরবিহীন। ব্যাংকিংখাতে সৃষ্ট আস্থা পুনরায় অনাস্থায় পর্যবাসিত হয়েছে। এমন বাস্তবতায় সরকারকে বলব, রাষ্ট্র পরিচালনায় সক্রিয় হোন।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব আহমদ আব্দুল কাইয়ুম, লোকমান হোসেন জাফরী, মুফতি দেলওয়ার হোসাইন সাকী, মুফতি মোস্তফা কামাল, ডাক্তার শহিদুল ইসলাম, অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, মাওলানা মানসুর আহমেদ সাকী, কেএম শরীয়াতুল্লাহ ও শেখ ফজলুল করীম মারুফ প্রমুখ।