Saturday 25 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলফনামা: সম্পদ কম থাকলেও শিক্ষায় শীর্ষে জামায়াত নেত্রীরা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ১২:৪৫ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৩:৫৯

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের মনোনীত প্রার্থীরা।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের মনোনীত প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও হলফনামা বিশ্লেষণে এক ইতিবাচক চিত্র ফুটে উঠেছে। এই জোটের প্রার্থীরা যেমন উচ্চশিক্ষিত, তেমনি তাদের বড় একটি অংশের বিরুদ্ধে কোনো মামলার রেকর্ড নেই। প্রার্থীদের বয়স ৩৭ থেকে ৬৮ বছরের মধ্যে, যাদের পেশাগত তালিকায় আছেন চিকিৎসক, আইনজীবী ও শিক্ষকরা।

নিচে জামায়াত জোটের ১২ জন প্রার্থীর বিস্তারিত তথ্য তুলে ধরা হলো-

জোটের মধ্যে সবচেয়ে সচ্ছল প্রার্থী হলেন সাবিকুন্নাহার। ৫৩ বছর বয়সী এই আইনজীবীর শিক্ষাগত যোগ্যতা এমএসসি। তার বার্ষিক আয় প্রায় ১৬ লাখ টাকার উপরে এবং তিনি ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৩১৬ টাকার সম্পদ দেখিয়েছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে সর্বকনিষ্ঠ প্রার্থী ৩৭ বছর বয়সী মাহমুদা আলম মিতু পেশায় একজন চিকিৎসক (এমবিবিএস)। তার নগদ ও ব্যাংক জমা মিলিয়ে প্রায় ৩০ লাখ টাকার সম্পদ থাকলেও তিনি আয়করের আওতাভুক্ত নন।

প্রবীণতম প্রার্থীদের মধ্যে ৬৮ বছর বয়সী মারজিয়া বেগম (এইচএসসি) এবং ৬৭ বছর বয়সী নূরুন্নিসা সিদ্দীকা (এমএ) অন্যতম। মারজিয়া বেগমের ৮৮ লাখ টাকার বেশি সম্পদ থাকলেও নূরুন্নিসা সিদ্দীকার প্রধান সম্পদ বলতে কেরানীগঞ্জে কেনা কিছু জমি।

আইন পেশায় নিয়োজিত ৪৫ বছর বয়সী তাসমিয়া প্রধান একজন ব্যারিস্টার-এট-ল। তার প্রায় ৬৭ লাখ টাকার সম্পদ রয়েছে এবং তিনি নিয়মিত আয়কর প্রদান করেন।

শিক্ষকতা পেশা থেকে আসা প্রার্থীদের মধ্যে ৪১ বছর বয়সী মারদিয়া মমতাজ (এমএসসি) এবং ৫২ বছর বয়সী শামছুন্নাহার বেগম (বিএসসি) উল্লেখযোগ্য। মারদিয়া মমতাজের ২১ লাখ টাকার সম্পদ থাকলেও শামছুন্নাহার বেগমের বার্ষিক আয় ও সম্পদ তুলনামূলক অনেক কম।

অবসরপ্রাপ্ত শিক্ষক ৬৬ বছর বয়সী মাহফুজা হান্নানের ৩৮ লাখ টাকার সম্পদ রয়েছে, যার বড় একটি অংশ তার যানবাহন ও নগদ টাকা।

ব্যবসায়ী হিসেবে এই তালিকায় আছেন ৫৫ বছর বয়সী মোসা. নাজমুন নাহার (এমএসসি)। তার নামে ৩৩ লাখ টাকার স্বর্ণালঙ্কার থাকলেও আয়ের নির্দিষ্ট উৎস উল্লেখ করেননি।

এদিকে গৃহিণী হিসেবে পরিচয় দেওয়া প্রার্থীদের মধ্যে ৪৮ বছর বয়সী রোকেয়া বেগম (এমএসসি) এবং ৬২ বছর বয়সী মিসেস সাজেদা সামাদ (এসএসসি) রয়েছেন। সাজেদা সামাদের ১২ লাখ টাকার সম্পদ থাকলেও রোকেয়া বেগমের সম্পদ মূলত পৈতৃক সূত্রে পাওয়া, যা এখনো বণ্টন হয়নি। এছাড়া সরকারি চাকরির জটিলতায় মনিরা শারমিনের মনোনয়ন বাতিল হলেও জোটের তালিকায় তার নাম ছিল এবং অস্পষ্টতার কারণে মাহবুবা হাকিমের তথ্য কমিশন প্রকাশ করেনি।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ্য সদস্য হতে এখন আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। ৫০টি আসনের মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন ও স্বতন্ত্র জোটের ১ একজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

‎২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

‎গত বুধবার-বৃহস্পতিবার ৫০ জনের মনোনয়নপত্র বাছাই করা হয়। রিটার্নিং অফিসার একজনের মনোনয়নপত্র বাতিল করেন। আপিল করার সুযোগ রয়েছে, আপিল নিষ্পত্তি হলে এ আসনের ভাগ্য নির্ধারণ হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর