ঢাকা: ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার স্মৃতি তুলে ধরে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, এই ঘটনা জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। এই হত্যাকাণ্ডেরর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
মঙ্গলবার (৫ মে) হেফাজতে ইসলাম বাংলাদেশ বারিধারা জোনের উদ্যোগে ঐতিহাসিক ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার শহিদদের স্মরণে এক হৃদয়স্পর্শী আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
গভীর শ্রদ্ধা, আবেগ ও গাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক আলেম-উলামা, তালাবা ও সাধারণ ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।
অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আব্দুল হামিদ মধুপুরী। তিনি দেশ, জাতি ও বিশেষভাবে শাপলা চত্বরে নিহতদের রূহের মাগফিরাত কামনা করে অশ্রুসিক্ত দোয়া করেন। একইসঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও ইসলামের খেদমতে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাওফিক কামনা করা হয়।
এ সময় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ড. শোয়াইব আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জাবের কাসেমী, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমীসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।
হেফাজতে ইসলাম বাংলাদেশ বারিধারা জোনের সভাপতি মুফতি আমজাদ হোসাইন হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তারা আরও বলেন, শহিদদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। তাদের স্মৃতি চিরজাগরুক রাখতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে সোচ্চার থাকতে হবে।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ, উম্মাহর ঐক্য এবং সকল শহিদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।