Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মদবাহী মোটরসাইকেলকে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ২১:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলে করে বিদেশি মদ বহনের সময় ট্রাকের ধাক্কায় আফরোজ হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মোজাম্মেল হক (২৪) নামে আরেক যুবক।

রোববার (১ জুন) রাতে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ-দেবীগঞ্জ আঞ্চলিক সড়কের রামগঞ্জ বিলাসী চর তিস্তার পাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় তাদের সঙ্গে থাকা ব্যাগে থাকা বিদেশি মদের কয়েকটি বোতল ভেঙে যায়, তবে একটি বোতল অক্ষত ছিল।

নিহত আফরোজ হোসেন নীলফামারীর সৈয়দপুর পৌরসভার বাসিন্দা ও ফিরোজ হোসেনের ছেলে। তিনি সৈয়দপুর প্লাজার ২য় তলায় ‘লোটো’ শোরুমের সামনে মোবাইল ও ইলেকট্রনিকস পণ্যের ব্যবসা করতেন। আহত মোজাম্মেল হক একই পৌরসভার পুরাতন বাবু পাড়া এলাকার বাসিন্দা চাঁন মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বোদা উপজেলার বড়শশী ইউনিয়ন থেকে মোটরসাইকেলে ব্যাগে করে বিদেশি মদ বহন করছিলেন আফরোজ ও মোজাম্মেল। তারা রামগঞ্জ বিলাসী চর তিস্তার পাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। এসময় তাদের সঙ্গে থাকা মদের বোতল ভেঙে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে আফরোজের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথেই তার মৃত্যু হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ‘দুর্ঘটনার শিকার দুই যুবকের ব্যাগে বিদেশি মদের বোতল পাওয়া গেছে, যার বেশিরভাগই ভেঙে গেছে। তাদের একজন ঘটনাস্থলে গুরুতর আহত হন এবং পরে মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসআর