Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যে কারণে ভারতের অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বুমরাহ

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৫ ১২:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিত শর্মার অবসরের পর তার কাঁধে উঠবে ভারতের টেস্ট দলের নেতৃত্ব, ভাবা হচ্ছিল এমনটাই। তবে সবাইকে খানিকটা অবাক করেই জাসপ্রীত বুমরাহর পরিবর্তে ভারতের টেস্ট দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে শুভমান গিলকে। ঠিক কী কারণে নেতৃত্ব পাননি বুমরাহ, এ নিয়েই চলছিল জল্পনা কল্পনা। এবার বুমরাহ জানিয়েছেন, নিজেই অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

গত কয়েক মাসে টেস্ট থেকে অবসরে গেছেন বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। ভারতীয় দলের অধিনায়ক রোহিতের অবসরের পর খোঁজা হচ্ছিল নতুন অধিনায়ক। ধারণা করা হচ্ছিল, আগেও দলকে নেতৃত্ব দেওয়া বুমরাহ কাঁধেই যাচ্ছে অধিনায়কত্বের দায়িত্ব।

বিজ্ঞাপন

তবে বুমরাহ নয়, ইংল্যান্ড সফরের আগে টেস্ট দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে তরুণ ব্যাটার গিলকে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বুমরাহ জানিয়েছেন অধিনায়কত্ব না নেওয়ার কারণ, ‘এখানে কোনো কাল্পনিক গল্প নেই। আমাকে বরখাস্ত করা হয়েছে এরকম কোনো বিতর্কিত শিরোনাম করার উপায়ও নেই। রোহিত ও কোহলির অবসরের আগেই আম বোর্ডের সঙ্গে কথা বলেছি। আমার পিঠের যত্ন নেওয়া, চিকিৎসকদের সঙ্গে পরামর্শ, ওয়ার্কলোড; সবকিছু নিয়েই আলোচনা হয়েছে। আলোচনা শেষে আমি বলেছি, আমার আরও সতর্ক হতে হবে। আমি নেতৃত্ব চাই না। কারণ আমি সিরিজে সর্বোচ্চটা দিতে পারব না।’

নিজের সেরাটা দিতে পারবেন না বলেই নেতৃত্বের চাপ নিতে চাননি বুমরাহ, ‘আমি যদি বলতাম, শুধু ৩ ম্যাচ খেলব। এটা ভালো বার্তা দিত না। একজন ক্রিকেটারকে তার সামর্থ্যের সবটুকু দিতে হবে। বিসিসিআই আমাকে নেতৃত্ব দিতে চেয়েছিল। কিন্তু এই কারণেই আমি মানা করে দিয়েছি। সবসময় আমি দলকেই অগ্রাধিকার দিয়েছি।’

২০ জুন হেডিংলিতে শুরু হবে ইংল্যান্ড-ভারত ৫ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

সারাবাংলা/এফএম