Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ধানের পর এবার পাট দিয়ে সাতক্ষীরার দুর্গা প্রতিমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: ধান দিয়ে প্রতিমা নির্মাণে দেশজুড়ে আলোড়ন তোলার পর এবার সাতক্ষীরার কলারোয়ায় গড়ে তোলা হলো পাটের দুর্গা প্রতিমা। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে পৌরসভার উত্তর মুরারীকাটি পালপাড়া সার্বজনীন পুজামণ্ডপে তৈরি এই প্রতিমা ইতোমধ্যেই দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে এবং আলোচনার জন্ম দিয়েছে।

পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুমার পাল জানান, প্রায় তিন লাখ টাকা ব্যয়ে চারজন ভাস্করের টানা তিন মাসের শ্রমে এই প্রতিমাটি তৈরি করা হয়েছে। তিনি বলেন, “২০২৩ সালে ধান দিয়ে তৈরি প্রতিমা সারাদেশে সাড়া ফেলেছিল। সেই অনুপ্রেরণায় এবার পাটকে বেছে নেওয়া হয়েছে।”

বিজ্ঞাপন

চলতি বছরের ২৮ সেপ্টেম্বর থেকে শারদীয় দুর্গোৎসব শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই প্রতিদিন প্রতিমাটি দেখতে ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী।

স্থানীয় তাপস পাল বলেন, “এমন প্রতিমা আগে কখনো দেখিনি। সত্যিই অনন্য এক উদ্যোগ।” অন্যদিকে কাজল কুমার পাল জানান, “ধানের পর এবার পাট দিয়ে প্রতিমা নির্মিত হওয়ায় আমরা গর্বিত। এটি আমাদের শিল্প ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরবে।”

দর্শনার্থী ও স্থানীয়দের মতে, পাটের মতো কৃষিজাত পণ্য দিয়ে প্রতিমা তৈরি শুধু ধর্মীয় বিশ্বাসকেই সমৃদ্ধ করছে না, বরং কৃষিনির্ভর বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পকেও নতুনভাবে সামনে আনছে। কলারোয়ায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মন্দির চত্বরে চলছে সাজসজ্জা, পূজা-অর্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি।

এবার সাতক্ষীরার সাতটি উপজেলায় মোট ৫৮৭টি পুজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ১০৬টি, তালায় ১৯৫টি, কলারোয়ায় ৪৪টি, শ্যামনগরে ৬৯টি, আশাশুনিতে ১০৩টি, কালিগঞ্জে ৪৯টি ও দেবহাটায় ২১টি মণ্ডপ রয়েছে। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, এর মধ্যে ৫৫টি মণ্ডপ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

‘আমার পোলাডা আমাগো ছাইড়া চইলা গেছে’
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০

আরো

সম্পর্কিত খবর