Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মবের আতঙ্কে থাকা সাংবাদিকরা ফ্যাসিবাদের দোসর ছিলেন: প্রেস সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ২০:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যেসব সাংবাদিক মবের আতঙ্কে আছেন, তারা ফ্যাসিবাদের দোসর ছিলেন। এ সরকার তো কাউকে ডিজিএফআই বা এনএসআই দিয়ে হয়রানি করে নাই।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, ‘সত্যিকার অর্থে অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবাদিকরা তুলনামূলক নিরপেক্ষভাবে কাজ করতে পেরেছে। কিন্তু আওয়ামী লীগের আমলে সাংবাদিকদের ওপর ভয়াবহ পরিস্থিতি নেমে আসে। তাদের ওপর নানা ধরনের নিপীড়ন ও নির্যাতন চালানো হয়। সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গত ১৫ মাসে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আমরা কাজ করেছি। কিন্তু রাজনৈতিক সরকার আসলে সেটি টিকে থাকবে কিনা সেই প্রশ্ন এখনো রয়ে গেছে।’
দেশে মিস ইনফরমেশন ছড়ালে সেটা মোকাবিলা করা খুবই কঠিন উল্লেখ করে তিনি বলেন, ‘সেন্টমার্টিন দখল করে নিচ্ছে— এটা নিয়ে এক হাজার ভুয়া নিউজ ছড়িয়েছে। মাইলস্টোন নিয়েও গুজব ছড়িয়েছে।’

‘সামাজিক যোগাযোগমাধ্যম এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ’ উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘আমাদের সক্ষমতা খুবই সীমিত। এই মাধ্যমে মিথ্যা খবর ধরার বা প্রতিহত করার প্রয়োজনীয় টুল ও ব্যবস্থা নেই। ফলে সূরা-কেরাত পড়েও অনেকে টিভিতে গিয়ে মিথ্যা কথা ছড়িয়ে যাচ্ছেন।’ বাংলাদেশের গণতন্ত্রকে দৃঢ় রাখতে হলে এসব ভুয়া সংবাদকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে বলেও জানান তিনি।

শফিকুল আলম বলেন, ‘দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়াও সমান গুরুত্বপূর্ণ।’

সারাবাংলা/জিএস/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর