Saturday 07 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত, গুরুতর আহত ছিনতাইকারী

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ১১:০০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশিষ জোয়াদ্দার (৩৩) নামে এক যু্বক নিহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে মোবাইল ও টাকা নিয়ে পালাতে গিয়ে বাসের ধাক্কায় এক ছিনতাইকারী গুরুতর আহত হয়েছে।

শনিবার দিবাগত রাত ২টার দিকে যাত্রাবাড়ী আড়তের সামনে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় ওই আশিষ জোয়াদ্দারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা স্থানীয় দোকানদার মাহমুদুর রহমান তুহিন জানান, রাতে যাত্রাবাড়ী আড়তের সামনে ফ্লাইওভার ব্রিজের নিচে মানুষের ভিড় দেখতে পান তিনি। তখন এগিয়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছেন। ওই ব্যক্তিকে পূর্বপরিচিত হিসেবে চেনেন তিনি। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আশিষ জোয়াদ্দারের বাড়ি মাগুরা জেলায়। তিনি যাত্রাবাড়ী বিবির বাগিচা ১ নম্বর গেটে থাকতেন। যাত্রাবাড়ীসহ আশপাশে ৭-৮টি ভ্যান গাড়িতে করে জামাকাপড় বিক্রি হয়- এমন একটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার তিনি।

মাহমুদুর রহমান তুহিন আরও জানান, গ্রাম থেকে শনিবার রাতেই ঢাকায় ফিরছিলেন আশিষ। তার কাছে কয়েকটি ব্যাগ ছিল। এগুলো দেখে ফ্লাইওভারের নিচে থাকা তিন থেকে চারজন ছিনতাইকারী তার পথরোধ করে। কিন্তু আশিষ কোনোকিছু দিতে না চাইলে ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা আইফোন ও টাকা নিয়ে পালিয়ে যায়।

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক এসআই আব্দুল করিম জানান, প্রাথমিকভাবে জানা গেছে ছিনতাইকারীরা ওই যুবকের বুকে ছুরিকাঘাত করেছে এবং পরবর্তী তাকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন। ছিনতাইকাররা তার সঙ্গে থাকে একটা আইফোন ও টাকা ছিনিয়ে নিয়েছে বলে তার পরিবার জানিয়েছে

এদিকে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পথচারীদের ধাওয়ায় বাসের ধাক্কায় এক ছিনতাইকারী আহত হয়েছে। তাকেও উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে বর্তমানে পুলিশ পাহারায় ভর্তি আছে। তার অবস্থা গুরুতর। তার নাম পরিচয় জানা যায়নি বলে জানান এসআই।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন এবং ঘটার বিস্তারিত তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর