ঢাকা: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে (এফবিসিসিআই) দেশের ব্যবসায়ী সমাজের প্রকৃত প্রতিনিধিত্বকারী, কার্যকর ও সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এবং সরকারের কাছে তাদের দাবি-দাওয়া তুলে ধরার ক্ষেত্রে এই সংগঠনটিকে একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে দেখতে চায় সরকার।
রোববার (১৯ এপ্রিল) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, এফবিসিসিআইকে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশে ব্যবহারের সুযোগ দেওয়া যাবে না। সংগঠনটি যেন প্রকৃত অর্থেই সকল ব্যবসায়ীর সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, সেটি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, নীতিনির্ধারণী পর্যায়ে বাস্তবভিত্তিক মতামত প্রদানের মাধ্যমে এফবিসিসিআই বাণিজ্য মন্ত্রণালয়ের একটি কার্যকর ও সহায়ক শক্তি হিসেবে ভূমিকা পালন করবে। এছাড়া সংগঠনটিকে গতিশীল করতে যোগ্য, দূরদর্শী ও উদ্যমী নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ব্যবসায়ীদের আশ্বস্ত করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে বদ্ধপরিকর। নতুন আমদানি নীতি (ইমপোর্ট পলিসি) প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা শিগগিরই উন্মুক্ত করা হবে। পাশাপাশি বস্ত্র ও পাট, শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সেবা সহজীকরণে ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে পৃথক কমিটি গঠনের পরিকল্পনাও রয়েছে সরকারের।
বৈঠকে ব্যবসায়ী নেতারা এফবিসিসিআইকে আরও গতিশীল ও ব্যবসাবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। তাদের পক্ষ থেকে আসন্ন নির্বাচনের পূর্ববর্তী সময়ে ব্যবসায়ী সমাজ থেকে একজনকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাব উত্থাপন করা হয়।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) ও এফবিসিসিআই-এর প্রশাসক মো. আবদুর রহিম খানসহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন বিজিএমইএ-এর সাবেক সভাপতি এস এম ফজলুল হক, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম, নাসরিন ফাতেমা আউয়াল, আব্দুল হক, জাকির হোসেন নয়ন, জাকির হোসেন, গিয়াস উদ্দিন চৌধুরী খোকন, বেলায়েত হোসেন ভূঁইয়া, নিজাম উদ্দিন রাজেশ এবং সৈয়দ বখতিয়ারসহ অন্যান্যরা।