ঢাকা: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে পূর্ববর্তী সরকারের সময়ে করা চুক্তির সব শর্ত বর্তমান সরকারের জন্য মেনে নেওয়া সম্ভব না-ও হতে পারে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। দাতা সংস্থার সিদ্ধান্তে সবকিছু হবে না; আমাদেরও নিজস্ব সিদ্ধান্ত ও নীতি রয়েছে।
তিনি আরও বলেন, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে নিয়মিত আলোচনা একটি চলমান প্রক্রিয়া। আইএমএফের সঙ্গে চলমান আলোচনা আরও ১৫-২০ দিন এমনকি এক মাস পর্যন্ত চলতে পারে বলে জানান তিনি। তবে বিশ্বব্যাংক ও এডিবির সঙ্গে আলোচনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও অর্থমন্ত্রী উল্লেখ করেন।
দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার সবসময় সাধারণ মানুষের স্বার্থ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে কাজ করছে। বিশেষ করে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিটি দাতা সংস্থাগুলোর কাছেও উচ্চ প্রশংসা পেয়েছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অতিরিক্ত বাড়ানো হয়নি। তিনি উদাহরণ দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে তেলের দাম দ্বিগুণ পর্যন্ত বেড়েছে।
মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে মূল্যস্ফীতি বাড়বে কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।
সবশেষে অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো বর্তমান সরকারকে সহযোগিতায় অত্যন্ত আগ্রহী। খুব শিগগির বিশ্বব্যাংক ও এডিবির প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।