ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. নাজিম উদ্দিনের স্ত্রী আজিজা তাহের ও ছেলে মোহাম্মদ জায়েম বিন নাজিমের আয়কর নথির সত্যায়িত অনুলিপি জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। তিনি ঢাকা কর অঞ্চল-৯ ও ১০ এর কর কমিশনারদের প্রয়োজনীয় নথি সরবরাহ করতে নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
দুদক-এর সহকারী পরিচালক আখতারুজ্জামান আদালতে এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, নাজিম উদ্দিন-এর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে তার স্ত্রী ও সন্তানের ২০১৩-১৪ করবর্ষ থেকে ২০২৫-২৬ করবর্ষ পর্যন্ত আয়কর রিটার্ন এবং সংশ্লিষ্ট নথিপত্রের সত্যায়িত অনুলিপি পর্যালোচনা করা জরুরি।
এর আগে, গত ২ মার্চ একই আদালত নাজিম উদ্দিন, তার স্ত্রী ও ছেলের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছিল।