Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কোরবানির পশুবাহী পরিবহনে চাঁদাবাজি হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৬:৫৯

– ছবি : সংগৃহীত

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আসন্ন ঈদে কোরবানির পশু পরিবহনে সড়কে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটবে না। সরকারের পক্ষ থেকে এটুকু নিশ্চয়তা দিতে পারি, কোরবানির পশু নিয়ে চাঁদাবাজির ঘটনা ঘটলে কঠোর হস্তে দমন করা হবে।

বুধবার (৬ এপ্রিল) রাজধানীর গাবতলী গরুর হাটের ব্যবস্থাপনা উন্নয়ন এবং গাবতলী বাস টার্মিনালে প্রবেশের নতুন সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ঈদুল আজহায় পশুরহাট এবং দেশবাসীর ঢাকা ছেড়ে যাওয়া এবং আসার রাস্তাগুলো যেন নির্বিঘ্ন থাকে, এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বিভাগ সজাগ থাকবে।

বিজ্ঞাপন

কোরবানির পশুবাহী পরিবহনে চাঁদাবাজি সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, বিভিন্ন সময় যেমন দেখেছেন, সে সময় বিভিন্ন রকমের সরকার ছিল। বিনা ভোটের সরকার ছিল। সংবিধান বহির্ভূত সরকার ছিল বা অন্তর্বর্তীকালীন সরকার ছিল। এবার জনগণের ভোটের নির্বাচিত সরকার। এবার প্রধানমন্ত্রী প্রত্যেকটি বিষয়ে যে বিষয়গুলোতে উনার মিটিং করার কথা না বা অনুশাসন জারি করার কথা না সেই বিষয়গুলো তিনি সরাসরি নজরে নিয়ে আসেন।

প্রতিমন্ত্রী বলেন, গাবতলী হাটে টার্গেট এক লাখ গরু আসবে। কোনো কারণে ১ লাখ ৩০ হাজার গরু আসলো। গরু যারা কেনাবেচা করে তারা আমাদের কাছে আগেই বলে না যে কত গরু নিয়ে আসব এবং কত গরু কিনব। সে ব্যাপারেও আমাদের প্রস্তুতি থাকবে। আমাদের মনিটরিং অব্যাহত থাকবে। ঈদের দুই একদিন আগে এই টিম আমরা আবার আসবো। আমাদের যে সমস্ত ব্যবস্থাপনা করার কথা সেটা সঠিক আছে কি না দেখব এবং এর বাইরেও প্রশাসকের নেতৃত্বে আবার একটি মিটিং হবে।

তিনি বলেন, সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে না রেখে আরামদায়ক করার জন্য সমস্ত ব্যবস্থাপনা করা হবে। মানুষের সুবিধার জন্য জনগণের সুবিধার জন্য আমরা সবসময় মাঠে থাকব।