Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায়গঞ্জে চোরাই গরু-ছাগলসহ পিকআপ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ১৪:২৬

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাই গরু-ছাগল ও একটি পিকআপ ভ্যান ফেলে চোরচক্রের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে । পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি গরু, একটি ছাগল এবং একটি পিকআপ ভ্যান জব্দ করে থানায় নিয়ে আসে।

বৃহস্পতিবার (২১ মে) রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (২২ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি মহাসড়ক ও আশপাশের এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় রায়গঞ্জ থানা পুলিশ রাতের টহল জোরদার করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ থানার একটি টহল দল ঢাকা-বগুড়া মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছিল।

বিজ্ঞাপন

রাতের একপর্যায়ে টহল টিম চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল এলাকায় পৌঁছালে রাস্তার পাশে সন্দেহজনকভাবে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখে। এ সময় পুলিশের গাড়ির উপস্থিতি বুঝতে পেয়ে পিকআপে থাকা চোরচক্র দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানটি তল্লাশি করে ভেতরে তিনটি গরু ও একটি ছাগল দেখতে পায়।

পরে উদ্ধার হওয়া গবাদিপশু ও পিকআপ ভ্যানটি জব্দ করে রায়গঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে, চোরের দল বিভিন্ন এলাকা থেকে গরু-ছাগল চুরি করে অন্যত্র পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তবে উদ্ধার হওয়া পশুগুলোর প্রকৃত মালিক শনাক্তে কাজ করছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান বলেন, রাতের টহলের কারণে একটি বড় ধরনের গবাদিপশু চুরির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর