Sunday 24 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ১১:৫২

ঢাকা: বিশ্বের বায়ুদূষণের তালিকায় আজ রোববার (২৪ মে) সকালে পাওয়া সর্বশেষ আপডেটে শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। অন্যদিকে রাজধানী ঢাকা শীর্ষ দশের বাইরে এসে ১১ নম্বর অবস্থানে রয়েছে।

রোববার (২৪ মে) সকাল ১০টা ৩০ মিনিটের আইকিউএয়ার সূচকের লাইভ র‍্যাংকিং থেকে এই তথ্য জানা গেছে।

আবহাওয়া ও বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো এবং ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় বলে ধরা হয়। তবে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে সেই বায়ু মানকে দুর্যোগপূর্ণ বলে বিবেচনা করা হয়।

বিজ্ঞাপন

আজকের সর্বশেষ র‍্যাংকিং অনুযায়ী, শীর্ষে থাকা ভারতের দিল্লির দূষণ স্কোর ১৯০, যার অর্থ সেখানকার বায়ুর মান বর্তমানে অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে ১৬৮ স্কোর নিয়ে চিলির সান্তিয়াগো এবং ১৬৩ স্কোর নিয়ে চীনের বেইজিং অবস্থান করছে। অপরদিকে, সকালের দিকে ঢাকার দূষণ স্কোর কিছুটা বেশি থাকলেও বর্তমান আপডেটে তা ১০২ স্কোরে নেমে এসেছে, যার অর্থ ঢাকার বাতাস এখন সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকার ঠিক পরেই ১০১ স্কোর নিয়ে ১২ নম্বর অবস্থানে রয়েছে চীনের হাংঝু।

টানা কয়েক দিন ধরে ঢাকার বায়ুর মান সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর অবস্থায় থাকলেও আজ থেকে ঈদের লম্বা ছুটি শুরু হওয়ায় অনেকেই ইতিমধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন। একই সঙ্গে স্কুল-কলেজ বন্ধ থাকায় এবং ঈদের ছুটিতে সড়কে যানবাহন চলাচল ও গণপরিবহন কমে যাওয়ার কারণে আগামী দিনগুলোতে ঢাকার বায়ুর মানের আরও উল্লেখযোগ্য উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর