ফরিদপুর: ফরিদপুরে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন সহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী, তিনজন পুরুষ রয়েছে এবং সকলে অ্যাম্বুলেন্সের যাত্রী ও চালক বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।
রোববার (২৪ মে) সকাল পৌনে ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকরপাশা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অ্যাম্বুলেন্সের ড্রাইভার কাওছার (২৫), মো. জাহাঙ্গীর মোল্লা (৬২), আলমগীর হোসেন মোল্লা (৫৮), খুরশিদা বেগম (৪৫), আ. ওহেদ মোল্লা, নিহত জাহাঙ্গীরের স্ত্রী মাজেদা আক্তার (৪৮)। নিহতরা সকলে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বালিয়া মোস্তফাপুর গ্রামে।
ঘটনাটি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, রাজবাড়ি থেকে ঢাকাগামী বিআরটিসি বাসের সঙ্গে ফরিদপুরগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
দুর্ঘটনার পর নগরকান্দা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও নগরকান্দা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করেন। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ কর্তৃক মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনা কবলিত বাস ও অ্যাম্বুলেন্স ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ হেফাজতে আছে।